মানবতাবিরোধী অপরাধ
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজশাহীতে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ ৩৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই পরোয়ানা জারি করেন।
এদিকে কারাগারে থাকা রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ডাবলু সরকার, জহিরুল ইসলাম রুবেল ও মোহাইমিনুল ইসলাম মানিককে আগামী ১৭ সেপ্টেম্বর হাজির করতে বলা হয়েছে।
খায়রুজ্জামান লিটন ছাড়াও রাজশাহী মহানগর পুলিশের সাবেক কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, বোয়ালিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীরসহ এই মামলার ৩৪ আসামি পলাতক। গত ৩০ জুলাই এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করে রাষ্ট্রপক্ষ।
অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট দুপুরে রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানা এলাকার লবঙ্গ রেস্টুরেন্টের সামনে আন্দোলনকারী রায়হান আলীকে গুলি করে হত্যা করা হয়। একই সময় শাহ মখদুম কলেজের সামনে হত্যাকাণ্ডের শিকার হন আনজুম সাকিব। এছাড়া সালমান ওরফে শিমুলসহ আরও অনেককে মানুষকে আহত করা হয়।