হোম > সারা দেশ > রাজশাহী

পদ্মার ভাঙন রোধে বাঁধ নির্মাণ, জিও ব্যাগে বালির পরিবর্তে মাটি

প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন এলাকায় পদ্মা নদীতে ফের ভাঙন শুরু হয়েছে। ভাঙন রোধে নদীতে ফেলা হচ্ছে জিও ব্যাগ। তবে চলমান এ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। জিও ব্যাগে বালুর পরিবর্তে ঠিকাদার প্রতিষ্ঠানের লোকেরা মাটি ভরার চেষ্টা করেছে বলে অভিযোগ রয়েছে। 

স্থানীয়রা জানান, ভাঙনকবলিত এলাকায় জিও ব্যাগে বালুর বদলে মাটিযুক্ত নিম্নমানের বালি দিচ্ছে ঠিকাদার প্রতিষ্ঠানটি। এ জন্য সাত-আট ট্রাক্টর ভরে মাটিযুক্ত বালি নিয়ে এসেছে তারা প্রকল্প এলাকায়। তবে স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের প্রতিবাদের মুখে মানহীন বালি জিও ব্যাগে ভর্তি করতে পারেনি তারা। মাটিযুক্ত বালিবাহী কয়েকটি ট্রাক্টর প্রকল্প এলাকায় আসার পথে স্থানীয়রা আটকে দিয়েছেন বলেও দাবি করেন। 

চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি গ্রামের বাসিন্দা আবদুর রহমান ও ইয়াসিন আলী বলেন, গত সোমবার সকালে কয়েকটি ট্রাক্টরে করে মাটিযুক্ত বালু নিয়ে এলে গ্রামবাসী বাধা দেন। পরে তারা এগুলো জিও ব্যাগে ভর্তির কাজ বন্ধ রাখে। স্থানীয়রা বলছেন, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তদারকি না থাকায় এ ধরনের দুর্নীতির চেষ্টা করতে পারছে ঠিকাদার প্রতিষ্ঠানের লোকেরা। 

প্রকল্পটিতে কাজ করা কয়েকজন শ্রমিকও এসব মাটিযুক্ত বালি দিয়ে জিও ব্যাগ ভর্তি করলে এ ধরনের প্রকল্পের কাজ মানসম্পন্ন হবে না বলে জানান। 

প্রকল্প ব্যবস্থাপক শাহাদাত হোসেন বলেন, ‘অনেক বালু আসছে, তার মধ্যে কয়েক ট্রাক্টর ভরাটের বালুও চলে আসে। পরে স্থানীয় লোকজন বাধা দিলে সেগুলো দিয়ে জিও ব্যাগ ভর্তি করা হয়নি।’ 

চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদ রানা টিপু বলেন, ‘জিও ব্যাগে ভর্তি করার জন্য ট্রাক্টরে করে মাটি আনা হয়েছিল। আমার লোকজন গিয়ে কাজ বন্ধ করে দেয়। জিও ব্যাগে বালুর বদলে মাটি ভর্তির অপচেষ্টার বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানিয়েছি।’ তিনি বলেন, ‘প্রায় ৩৫০টি জিও ব্যাগে মাটি ভর্তিও করা হয়েছিল। পরে বিষয়টি জানাজানি হলে জিও ব্যাগ থেকে মাটি বের করে ফেলেন শ্রমিকেরা।’ 

অনিয়মের কথা স্বীকার করেন হাকিমপুর ১২ নম্বর বাঁধ নির্মাণ প্রকল্পের তত্ত্বাবধায়ক ওয়াসিম। তিনি বলেন, ‘৩৫০টি বস্তায় বালুর বদলে মাটি ভর্তি করা হয়েছিল। পরে পাউবো কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও বিজিবি সদস্যদের উপস্থিতিতে মাটি ভর্তি করা জিও ব্যাগ খালি করা হয়। ৭ টাকা ফুটের বালু ১৩ টাকা ফুট দাম হয়ে যাওয়ায় এমন কাজ করা হয়েছিল। 

এ বিষয়ে শাহজাহানপুর ইউপি সদস্য মনিরুল ইসলাম বলেন, বালুর বদলে জিও ব্যাগে মাটি ভর্তি করা হয়েছে—এমন খবর পেয়ে চেয়ারম্যান আমাকে ঘটনাস্থল পরিদর্শনে পাঠান। বাঁধে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ সময় পাউবো কর্মকর্তা ও বিজিবি সদস্যদের উপস্থিতিতে জিও ব্যাগে ভর্তি করা মাটি ফেলা দেওয়া হয়। তিনি বলেন, ‘নিয়ম হলো একজন ম্যাজিস্ট্রেট ও পাউবো কর্মকর্তারা বালুভর্তি বস্তা পরীক্ষার পর সঠিক হলে বস্তায় লাল রঙের চিহ্ন দেবেন। সেই বস্তাই নদীতে ফেলা হয়। কিন্তু বস্তা পরীক্ষার জন্য সব সময় ম্যাজিস্ট্রেট ও পাউবো কর্মকর্তাদের পাওয়া যায় না। কখনো পাওয়া গেলেও তাঁরা বেশিক্ষণ থাকেন না। কিন্তু ভাঙন তো আর তাঁদের অপেক্ষায় থাকে না। তাই ঠিকাদারেরা তাঁদের ইচ্ছামতো অনিয়ম করে থাকেন। 

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, কাজের প্রায় পুরোটাই ঠিকাদারদের নিয়ন্ত্রণে থাকে। নজরদারি বলতে তেমন কিছু নেই। আর একই প্রক্রিয়ায় বছরের পর বছর কাজ হচ্ছে। সরকারি টাকা পানিতে যায়, অথচ ভাঙন রোধে তেমন কাজে আসে না। 

খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানালেন চাঁপাইনবাবগঞ্জ পাউবো নির্বাহী প্রকৌশলী মো. সারোয়ার জাহান সুজন। তিনি বলেন, ‘১ সেপ্টেম্বর এখানে যোগ দিয়েছি। হাকিমপুরের সাড়ে ৩৫০ বস্তা বালির বদলে মাটি ভর্তির ঘটনাটি সম্ভবত আমার যোগদানের আগের। খোঁজ-খবর নিয়ে এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাংসদ হারুনুর রশীদ আজকের পত্রিকাকে বলেন, জিও ব্যাগে বালির পরিবর্তে মাটি ব্যবহারের কোনো সুযোগ নেই। এর সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত। কাজের জায়গায় পানি উন্নয়ন বোর্ডের লোকজন থাকার কথা। তাদের গাফিলতি থাকলে সেটিও তদন্ত করা দরকার। তা না হলে সরকারি বরাদ্দের বিপুল পরিমাণ অর্থ বিফলে যাবে এবং জনসাধারণ এর কোনো সুফল পাবে না।

ট্রাকচালকের আসনের নিচে ছিল ৭ হাজার ৩৭৫ ইয়াবা, চালক গ্রেপ্তার

বাঘায় ২ দিনে ৪৫ মণ ভেজাল গুড় ধ্বংস, জরিমানা

রাজশাহীতে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

কারাগারে থেকেও যুবলীগের মিছিলে!

২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি

রাজশাহীতে গরুচোর চক্রের অন্যতম সদস্য গ্রেপ্তার

জনগণের দোরগোড়ায় পৌঁছাতে কাজ করছেন প্রধানমন্ত্রী: মিনু

রেশমের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ভূমিমন্ত্রী

রাবি শিক্ষার্থীর গাড়িচাপায় রিকশাচালক নিহত, নারীসহ আহত ২

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা ২০ অক্টোবর