হোম > সারা দেশ > রাজশাহী

সরকারি কলেজের নারী ডেমোনেস্ট্রেটরকে জুতাপেটা করলেন বিএনপি নেতা, অধ্যক্ষসহ আহত ৫

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি 

কলেজের অধ্যক্ষের কক্ষে নারী ডেমোনেস্ট্রেটরকে জুতা দিয়ে পেটান বিএনপি নেতা। ছবি: সংগৃহীত

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে এক নারী ডেমোনেস্ট্রেটরকে (প্রদর্শক) জুতা দিয়ে পিটিয়ে আহত করেছেন স্থানীয় বিএনপির এক নেতা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। ওই সময় কলেজে ২০২৪ সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলছিল। কেন্দ্রে পরীক্ষা চলা অবস্থায় কলেজ ও আশপাশের ১০০ গজ এলাকায় ১৪৪ ধারা জারি এবং সকাল থেকেই সেখানে পুলিশ মোতায়েন ছিল। এ ঘটনার কিছু ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, ডিগ্রি পরীক্ষা চলাকালে ১৪৪ ধারা ভঙ্গ করে এ ঘটনা ঘটানো হয়েছে। এ সময় আরও কয়েকজন শিক্ষকের ওপর হামলা এবং কলেজ কক্ষে ভাঙচুর চালান বিএনপির নেতা-কর্মীরা। এতে অধ্যক্ষসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে কয়েক ব্যক্তি বসে আছেন এবং সেখানে কিছু আলোচনা চলছিল। একপর্যায়ে এক ব্যক্তি কলেজের নারী ডেমোনেস্ট্রেটরকে জুতা দিয়ে পেটাতে থাকেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে বিভিন্ন বিষয় নিয়ে বাগ্‌বিতণ্ডায় জড়ান। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় তাঁরা অফিস কক্ষে হামলা ও ভাঙচুর চালান। হামলার সময় জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলী নারী ডেমোনেস্ট্রেটর আলেয়া খাতুন হীরাকে প্রকাশ্যে জুতা খুলে আঘাত করতে থাকেন। অধ্যক্ষসহ অন্য শিক্ষকেরা তাঁদের নিবৃত্তের চেষ্টা করলে তাঁরাও হামলার শিকার হয়ে আহত হন। ঘটনাটি অধ্যক্ষের কক্ষেই ঘটে এবং সেখানে পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।

হামলায় আহতদের মধ্যে রয়েছেন কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, প্রভাষক আলেয়া খাতুন হীরা, অধ্যাপক রেজাউল করিম আলমসহ আরও দুই কর্মচারী।

হামলার খবর পেয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অতিরিক্ত পুলিশ নিয়ে কলেজে উপস্থিত হন। তিনি শিক্ষক ও বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে বসে দফায় দফায় পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

আহত শিক্ষকেরা অভিযোগ করেন, আকবর আলীসহ স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় ৩০-৪০ জন নেতা-কর্মী এ হামলায় অংশ নেন। তাঁদের মধ্যে আফাজ আলী, শাহাদ আলী, জয়নাল আলী, এজদার আলী, রুস্তম আলী ও জামিনুর ইসলাম জয় উল্লেখযোগ্য।

অভিযুক্ত বিএনপির কর্মী শাহাদ আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘কলেজের ডেমোনেস্ট্রেটর আলেয়া জনসমুখে আমার গায়ে প্রথমে হাত তুলেছেন। পরে আমি সেন্ডেল দিয়ে তাকে আঘাত করছি।’

কলেজের ডেমোনেস্ট্রেটর আলেয়া খাতুন হীরা বলেন, ‘পুকুরের টাকা নিয়ে তারা কলেজের অধ্যক্ষকে মারধর করছিল। প্রতিবাদ করায় আমাকে প্রকাশ্যে জুতা দিয়ে আঘাত করা হয়েছে।’

অন্যদিকে, জয়নগর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আকবর আলী অভিযোগ অস্বীকার করে বলেন, পূর্বের দুর্নীতির হিসাব চাওয়াকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয় এবং শিক্ষকদের পক্ষ থেকেই আগে হামলা করা হয়।

কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক জানান, দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন গ্রুপ তাঁর কাছে চাঁদা দাবি করছিল। তিনি কোনো পক্ষকে প্রশ্রয় না দেওয়ায় এ হামলার শিকার হয়েছেন।

দুর্গাপুর থানার পরিদর্শক তদন্ত (ওসি) রফিকুল ইসলাম বলেন, কোনো পক্ষই এখনো থানায় অভিযোগ করতে আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আপনার সামনেই অধ্যক্ষের কক্ষে মারধরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে—এ বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, ‘অনেকগুলো ভিডিও ছড়িয়ে পড়েছে। একটা ভিডিওতে আমাকে কেউ দেখাতে পারবে না। আমি ঘটনার সময় ছিলাম না।’

রাজশাহী-ঢাকা রুটে এসি বাসের ভাড়া বাড়ল ২০০ টাকা

ককটেল ফাটিয়ে মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয় ‘উদ্ধার’ শ্রমিক দল নেতার

তীব্র দাবদাহের মধ্যে বৃষ্টি পাকার আগে ফাটছে লিচু

বাঘায় ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন নারী নিহত

রাবি শিক্ষার্থীকে ছাত্রদল নেতার ছুরিকাঘাতের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

২৪ ঘণ্টা পর বাসমালিক-শ্রমিকদের দ্বন্দ্বের অবসান

‘গুপ্ত’ রাজনীতি নিষিদ্ধের দাবি রাবি ছাত্রদলের

রাজশাহীতে বাস-অটোরিকশার সংঘর্ষে গৃহবধূ নিহত, আহত ২

রাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ

২৪ ঘণ্টা পর কর্মবিরতি প্রত্যাহার রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের