হোম > সারা দেশ > রাজশাহী

ক্রোড়পত্রে শেখ হাসিনাকে ‘ফ্যাসিস্ট’ না বলায় ছাত্রদলের প্রতিবাদ, স্থগিত শিক্ষক ফোরামের কর্যক্রম

রাবি প্রতিনিধি

শিক্ষক ফোরামের কার্যক্রম স্থগিতসহ কয়েকটি দাবিতে রাবি ছাত্রদলের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও ক্রোড়পত্র প্রকাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। প্রকাশিত ক্রোড়পত্রে শেখ হাসিনার নামের আগে ‘ফ্যাসিস্ট’ শব্দ ব্যবহার না করা এবং ২০০৬ সালের লগি-বইঠা আন্দোলনের তাণ্ডবকে সাধারণীকরণের অভিযোগ তুলে সভা বর্জন করে শাখা ছাত্রদল। পরে শিক্ষক ফোরামের কার্যক্রম স্থগিতসহ কয়েকটি দাবিতে আন্দোলনে নামে সংগঠনটি। তাদের দাবির মুখে কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠনটি।

গতকাল শনিবার (২৮ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের কার্যালয়ের সামনে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন ছাত্রদলের একাংশ। তবে ছাত্রদলের এই আন্দোলনকে নিজেদের সংগঠনের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে দেখছেন শিক্ষক ফোরামের একাংশ।

ছাত্রদল ও শিক্ষক ফোরাম সূত্রে জানা যায়, ক্রোড়পত্র প্রকাশের পর এতে শেখ হাসিনার নামের আগে ‘ফ্যাসিস্ট’ শব্দ ব্যবহার না করা এবং ২০০৬ সালের লগি-বইঠা আন্দোলনের ঘটনাকে সাধারণীকরণের অভিযোগ তোলে ছাত্রদল। এ সময় তারা আলোচনা সভা বর্জন করে। পরে আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয় ক্লাব ভবন জুবেরীতে যান শিক্ষকেরা। সেখানে ভবনের সামনে অবস্থান নিয়ে ক্রোড়পত্র লেখার দায়িত্বে থাকা শিক্ষকদের বহিষ্কার ও শিক্ষক ফোরামের কার্যক্রম স্থগিতসহ কয়েকটি দাবিতে স্লোগান দেন ছাত্রদলের নেতা-কর্মীরা।

ছাত্রদলের দাবির মুখে জরুরি সভা ডেকে শিক্ষক ফোরামের কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠনটি। ছবি: আজকের পত্রিকা

একপর্যায়ে ছাত্রদলের দাবির মুখে জরুরি কার্যনির্বাহী কমিটির সভা করে ফোরামের কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক গোলাম ছাদিক বলেন, ‘আমাদের ক্রোড়পত্রে কিছু বিভ্রাট ছিল। এ জন্য আমরা দুঃখও প্রকাশ করেছি। তারপরও তাদের দাবির মুখে জরুরি কার্যনির্বাহী সভা করে কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নিতে হয়েছে।’

গোলাম ছাদিক আরও বলেন, ‘আমরা দুঃখ প্রকাশ এবং লেখার দায়িত্বে থাকা শিক্ষকদের বহিষ্কারের নিশ্চয়তা দেওয়ার পরও কেন সংগঠন বিলুপ্তির দাবি করা হলো, তা আমার কাছে পরিষ্কার নয়।’

ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক সাবিরুজ্জামান বলেন, ‘বিষয়টি আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গেই আমরা প্রকাশিত কপিটি প্রত্যাহার করে নিয়েছি। জাতীয়তাবাদ-সংশ্লিষ্ট বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। তাই কেউ কেউ ঘটনাটিকে ভিন্নভাবে দেখছেন এবং এটিকে ইচ্ছাকৃত বলে মনে করছেন। কিন্তু ফোরাম কখনোই জাতীয়তাবাদী আদর্শের পরিপন্থী কোনো কিছু ইচ্ছাকৃতভাবে প্রকাশ করতে পারে না।’

নাম প্রকাশ না করার শর্তে ফোরামের দুই জ্যেষ্ঠ অধ্যাপক বলেন, বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী শিক্ষকদের তিনটি সংগঠন রয়েছে। তাদের মতে, শিক্ষক ফোরামের বিরুদ্ধে ছাত্রদলের এমন আন্দোলন উদ্দেশ্যপ্রণোদিত। জাতীয় পর্যায়ের সংগঠনের পাশাপাশি বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষকদের ক্যাম্পাসভিত্তিক সংগঠনও থাকে। এসব সংগঠন বিভিন্ন নির্বাচনে ভূমিকা রাখে। ফলে শিক্ষক ফোরামের বিরুদ্ধে এমন অবস্থান ক্যাম্পাসে জাতীয়তাবাদী শিক্ষকদের স্বার্থ সুরক্ষার ক্ষেত্রে দুর্বলতা তৈরি করবে।

অন্যদিকে ছাত্রদলের অভিযোগ, শিক্ষক ফোরামের সঙ্গে জামায়াতপন্থী শিক্ষকদের যোগসাজশ রয়েছে। সংগঠনটির দায়িত্বে থাকা অনেক শিক্ষক পরবর্তী সময়ে জামায়াতের রাজনীতিতে সক্রিয় হয়েছেন। এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গেও তাদের যোগসাজশ রয়েছে বলে দাবি ছাত্রদলের।

এ বিষয়ে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম তাদের ক্রোড়পত্রে নিষিদ্ধ আওয়ামী লীগকে সাধারণীকরণের চেষ্টা করেছে। তাদের সংগঠনের অনেক দায়িত্বশীল নেতা পরবর্তী সময়ে জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন বলে প্রমাণিত হয়েছে। এ ছাড়া ক্যাম্পাসে জাতীয়তাবাদী শিক্ষকদের তিনটি সংগঠন রয়েছে। আমরা চাই, সবাই এক ছাতার নিচে আসুক। শিক্ষক ফোরাম রাজনীতি করতে চাইলে এসব গুপ্ত ব্যক্তিকে বাদ দিয়ে চলতে হবে।’