পিরোজপুরের নেছারাবাদে ১৩ বছর বয়সী ছেলে সিয়ামকে সঙ্গে নিয়ে মাছ ধরতে গিয়ে তাকে হত্যার অভিযোগ উঠেছে বাক্প্রতিবন্ধী বাবা আরিফ রাঢীর বিরুদ্ধে। দুই দিন পর সন্ধ্যা নদী থেকে শিশুটির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধারের ঘটনায় বাবাকে আসামি করে হত্যা মামলা করেছেন নিহতের চাচা। গ্রেপ্তারের পর আজ রোববার (১৫ নভেম্বর) সকালে আদালতের মাধ্যমে আরিফ রাঢীকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
নিহত সিয়াম উপজেলার গুয়ারেখা ইউনিয়নের রাজবাড়ী এলাকার বাসিন্দা। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে বাবার সঙ্গে সন্ধ্যা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় সে। দুই দিন পর গতকাল শনিবার (১৪ নভেম্বর) সকালে রাজবাড়ী লঞ্চ টার্মিনাল এলাকার সন্ধ্যা নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে বাক্প্রতিবন্ধী আরিফ রাঢী তাঁর শারীরিক প্রতিবন্ধী ছেলে সিয়ামকে নিয়ে সন্ধ্যা নদীতে ইলিশ মাছ ধরতে যান। এরপর বাবা-ছেলে দুজনই নিখোঁজ হন। পরদিন শুক্রবার পাশের গোবিন্দগুহকাঠি এলাকায় আরিফকে পাওয়া গেলেও ছেলের কোনো সন্ধান দিতে পারেননি তিনি।
গতকাল সকালে নদীতে সিয়ামের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ সময় শিশুটির ঘাড়ের পেছনে, মাথা ও পিঠে আঘাতের চিহ্ন দেখা যায় বলে জানা গেছে। পরে স্থানীয়রা আরিফকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তিনি আকার-ইঙ্গিতে ছেলেকে হত্যার কথা স্বীকার করেছেন বলে দাবি করেন স্বজনেরা। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
নিহত শিশুর চাচা ও মামলার বাদী পলাশ রাঢী অভিযোগ করে বলেন, বাবার সঙ্গে মাছ ধরতে যাওয়ার পর দুজনই নিখোঁজ হন। পরদিন আরিফকে পাওয়া গেলেও সিয়ামের বিষয়ে তিনি কিছু বলেননি। পরে নদীতে ভাতিজার মরদেহ পাওয়া যায়।
পলাশ রাঢীর দাবি, নৌকায় মাছ ধরার সময় বাবা-ছেলের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আরিফ ছেলেকে থাপ্পড় মারলে সিয়াম বইঠা দিয়ে বাবাকে আঘাত করে। এতে ক্ষিপ্ত হয়ে আরিফ নৌকায় থাকা দা দিয়ে পেছন থেকে ছেলেকে কোপ দেন। গুরুতর আহত হয়ে সিয়াম নদীতে পড়ে যায়।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, গত বৃহস্পতিবার সিয়াম তার বাবার সঙ্গে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় পরদিন শুক্রবার থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। গতকাল সকালে সন্ধ্যা নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
ওসি আরও বলেন, জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির বাবা আরিফ রাঢীকে থানায় আনার পর তাঁর বাক্প্রতিবন্ধিতার বিষয়টি বিবেচনায় নিয়ে বিশেষজ্ঞ ব্যক্তির সহায়তায় কথা বলার চেষ্টা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নৌকায় বাবা-ছেলের মধ্যে ঝগড়া এবং একপর্যায়ে দা দিয়ে ছেলেকে আঘাত করার কথা তিনি আকার-ইঙ্গিতে জানিয়েছেন।
ওসি জানান, এ ঘটনায় নিহত শিশুর চাচা বাদী হয়ে আরিফ রাঢীকে আসামি করে হত্যা মামলা করেছেন। আজ সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।