পিরোজপুরে ৩০টি ইয়াবাসহ মীর সোহাগ নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তিনটি ককটেল ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় পিরোজপুর সদর উপজেলার চুঙ্গাপাসা গ্রামে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুঙ্গাপাসা গ্রামে অভিযান চালিয়ে মীর সোহাগকে ৩০টি ইয়াবাসহ আটক করে ডিবি। পরে তাঁকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁর শ্বশুর রাজ্জাক হাওলাদারের বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে তিনটি ককটেল ও ককটেল তৈরির সরঞ্জাম পাওয়া যায়।
পিরোজপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আল মাহাবুব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়েছে। তিনি বর্তমানে ডিবি হেফাজতে রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।