পিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রামনগর গ্রাম থেকে অস্ত্রসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে স্থানীয়রা তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করে।
এ সময় তাদের কাছ থেকে ১টি চাইনিজ কুড়াল, ১টি রামদা, ২টি বোরকা, ১টি টি-শার্ট, ১টি লুঙ্গি আটক উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন বাগেরহাট জেলার কচুয়া উপজেলার খলিশাখালী গ্রামের গফফার শেখের ছেলে নাদিম শেখ (৩২) এবং পিরোজপুরের নাজিরপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের মাহতাব শেখের ছেলে জাকারিয়া শেখ (২৭)।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক নাদিম শেখ একজন চিহ্নিত অপরাধী এবং তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ২৯টি মামলা রয়েছে, যার মধ্যে ৬টিতে ওয়ারেন্ট রয়েছে। অপর আটক জাকারিয়া শেখের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে বলে জানা গেছে।
পুলিশ আরও জানায়, স্থানীয় রেজাউল শেখের বাগানে গতকাল শুক্রবার রাত থেকে ৬-৭ জনের একটি দল অবস্থান করছিল। তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, রামনগর এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় স্থানীয়রা তাঁদের ঘেরাও করে। এ সময় তাঁদের কাছ থেকে ২টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে ক্ষুব্ধ জনতা তাঁদের আটক করে নাজিরপুর থানা-পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করা ধারালো অস্ত্রসহ দুই আসামিকে হেফাজতে নেয়।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, ডাকাতির প্রস্তুতিকালে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। আসামিদের সঙ্গে আরও সদস্য ছিল। তাঁদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।