হোম > সারা দেশ > পিরোজপুর

নেছারাবাদে সেফটি নেট তৈরির কাজ করতে গিয়ে প্রাণ গেল নির্মাণশ্রমিকের

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

নেছারাবাদ উপজেলা পরিষদের নির্মাণাধীন নতুন ভবন। ছবি: আজকের পত্রিকা

পিরোজপুরের নেছারাবাদ উপজেলা পরিষদের নতুন ভবনের চারতলা থেকে নিচে পড়ে মো. জসিম (৩৫) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। পঞ্চম তলার নির্মাণকাজ শুরুর প্রস্তুতি হিসেবে ভবনের চারপাশে সেফটি নেট তৈরির কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উপজেলা পরিষদের নতুন ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জসিম পাশের কাউখালী উপজেলার মো. ইদ্রিস আলীর ছেলে।

জানা গেছে, নেছারাবাদ উপজেলা পরিষদের নতুন চারতলা ভবনের পঞ্চম তলা নির্মাণের কাজ পেয়েছে পটুয়াখালীর ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কে কে এন্টারপ্রাইজ। নির্মাণকাজ শুরুর প্রস্তুতি হিসেবে ভবনের চারপাশে সেফটি নেট তৈরির জন্য লোহার অ্যাঙ্গেল ঝালাইয়ের কাজ চলছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে ভবনের পূর্ব পাশে একটি টিনের শেডের ওপর বসে পাশের অ্যাঙ্গেলে ঝালাইয়ের কাজ করছিলেন জসিম। এ সময় টিনের শেড ভেঙে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি।

পরে তাঁকে দ্রুত নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠান। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কাজের প্রতিনিধিত্বকারী মো. শামীম বলেন, ‘এটি সম্পূর্ণ একটি দুর্ঘটনা। নিহতের পরিবারকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। তাঁরা যেভাবে চাইবেন, সেভাবেই সহযোগিতা করা হবে।’

নেছারাবাদ উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. রাইসুল ইসলাম বলেন, ওই ভবনের পঞ্চম তলা নির্মাণের কাজ পেয়েছে পটুয়াখালীর কে কে এন্টারপ্রাইজ। শুক্রবার রাতে সেফটি নেটের অ্যাঙ্গেল ঝালাই করতে গিয়ে ওই যুবক ওপর থেকে নিচে পড়ে মারা গেছেন।

নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. শাহিন আহমেদ বলেন, রাতে ওই রোগীকে হাসপাতালে নিয়ে আসার সময় তাঁর রক্তচাপ পাওয়া যাচ্ছিল না। তিনি অস্থিরতাসহ অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় ছিলেন। পরে তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশালে পাঠানো হয়।

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহমেদ বলেন, পঞ্চম তলার কাজের জন্য ভবনের চারপাশে সেফটি নেট তৈরির কাজ চলছিল। টিনের শেডের ওপর বসে অ্যাঙ্গেল ঝালাই করার সময় ওই যুবক ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাঁর মৃত্যুর খবর জানতে পেরেছি।