হোম > সারা দেশ > পিরোজপুর

সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের বাড়িতে অগ্নিসংযোগ

পিরোজপুর প্রতিনিধি

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমের বাড়িতে আগুন। ছবি: আজকের পত্রিতা

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শ ম রেজাউল করিমের পিরোজপুরের গ্রামের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

আজ বুধবার সন্ধ্যায় নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীত পাশে থাকা বাড়িতে এবং বিকেলে গ্রামের বাড়ি মাটিভাঙ্গা ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় হামলা চালানো হয়। এ সময় বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ৫০ থেকে ৬০ জনের একটি দল তারাবুনিয়া এলাকায় শ ম রেজাউল করিমের গ্রামের বাড়িতে হামলা চালায়। পরে সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সদরে অবস্থিত তাঁর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

স্থানীয়দের তথ্যমতে, দেশব্যাপী আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে নৈরাজ্য, অগ্নিসংযোগ এবং বিভিন্ন সরকারি ভবনে হামলার প্রতিবাদে বিক্ষোভের একপর্যায়ে এসব হামলার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় দুই বাড়ির কী পরিমাণ ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের গ্রামের বাড়িতে হামলার খবর পেয়েই পুলিশ পাঠানো হয়েছে। বিক্ষুব্ধ জনতা এ ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিভে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে এবং সেখানে ভাঙচুরের কিছু চিহ্ন দেখা গেছে।