হোম > সারা দেশ > পিরোজপুর

পিরোজপুরে ৬৯টি কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ গ্রেপ্তার ১

পিরোজপুর প্রতিনিধি

গতকাল রাতে মো. শাওন ইসলাম অপু নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

পিরোজপুরের কাউখালীতে ৬৯টি শর্টগানের কার্তুজ, ওয়াকিটকি, ভুয়া পুলিশ আইডি কার্ড ও ভুয়া অস্ত্রের লাইসেন্সসহ মো. শাওন ইসলাম অপু (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের শিয়ালকাঠি চৌরাস্তার কাছে মৃত শাখাওয়াত হোসেনের দোতলা ভবনের ছাদে অভিযান চালিয়ে এসব সামগ্রী উদ্ধার করা হয়।

গ্রেপ্তার শাওন ইসলাম অপু কাউখালী উপজেলার শিয়ালকাঠি এলাকার মৃত মো. শাখাওয়াত হোসেনের ছেলে।

পুলিশ জানায়, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর নির্দেশনায় এবং কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে মাদক ও অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান চালানো হচ্ছিল। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শিয়ালকাঠি চৌরাস্তার কাছে ওই ভবনে অভিযান চালায় পুলিশের একটি দল।

অভিযানে ছাদ থেকে ৬৯টি শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়। প্রতিটি কার্তুজের গায়ে ‘Rubber Buckshot, 2023-BP-67mm, Made in Cyprus’ লেখা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ছাড়া দুই সেট ওয়াকিটকি, একটি খেলনা পিস্তল, দুটি ভুয়া অস্ত্রের লাইসেন্স, একটি ভুয়া পুলিশ আইডি কার্ড এবং চামড়ার তৈরি একটি অস্ত্রের কভার উদ্ধার করা হয়েছে।

কাউখালী থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পিরোজপুর জেলা পুলিশ কাজ করছে। তিনি আরও জানান, গ্রেপ্তার শাওন ইসলাম অপুর বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।