হোম > সারা দেশ > পিরোজপুর

মধ্যরাতে বাজারে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছাল ভোরে

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

নেছারাবাদে রুদ্রপুর বাজারে ভয়াবহ আগুনে পুড়ে ছাই ১৮ দোকান। ছবি: আজকের পত্রিকা

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের রুদ্রপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি ব্যবসাপ্রতিষ্ঠান, দুটি বসতঘর ও একটি মন্দির পুড়ে গেছে। এতে নিঃস্ব হয়ে পড়েছেন অনেক ব্যবসায়ী। ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে অন্তত কোটি টাকার ক্ষতি হয়েছে। তাঁদের অভিযোগ, খবর দেওয়ার পরও সড়কের সেতু ভাঙা থাকায় সময়মতো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি ফায়ার সার্ভিস।

গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে একটি খাবারের হোটেল ও একটি ওষুধের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

নেছারাবাদে রুদ্রপুর বাজারে ভয়াবহ আগুনে পুড়ে ছাই ১৮ দোকান। ছবি: আজকের পত্রিকা

বাজারের ব্যবসায়ী সুদর্শন বড়াল জানান, মইনুলের রেস্টুরেন্ট ও তপনের ফার্মেসি থেকে প্রথমে আগুনের কুণ্ডলী দেখতে পান কয়েকজন বাসিন্দা। তাঁদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু মুহূর্তের মধ্যে বাজারের খালের পাশের সারিবদ্ধ দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।

সুদর্শন বলেন, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে তিনি বাড়ি চলে গিয়েছিলেন। রাত ১টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে বাজারে এসে দেখেন, চারদিকে আগুন ছড়িয়ে পড়েছে। এতে ব্যবসায়ীদের প্রায় ৮০ থেকে ৯০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

অপর ব্যবসায়ী পরিমল জানান, মধ্যরাতে আগুন লাগার পর ভোর পর্যন্ত স্থানীয়রা তা নেভানোর চেষ্টা করেন। কিন্তু এর মধ্যে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। বাজারের অন্য পাশে তাঁর দোকান থাকায় সেটি রক্ষা পেলেও অনেক ব্যবসায়ী সর্বস্ব হারিয়েছেন। দোকানের পাশাপাশি বসতঘর পুড়ে যাওয়ায় দুটি পরিবারের সদস্যরা এখন এক কাপড়ে রয়েছেন।

বাজারের সাবেক সভাপতি সম্রাট সরদার বলেন, রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগে। ভোর ৫টা পর্যন্ত স্থানীয়রা সম্মিলিতভাবে আগুন নেভানোর চেষ্টা করেন। তাঁর দাবি, খবর পাওয়ার দেড় থেকে দুই ঘণ্টার মধ্যে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে পারলে হয়তো পাঁচ থেকে সাতটি দোকান রক্ষা করা সম্ভব হতো। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে তিনিও ধারণা করছেন।

আগুনে পুড়ে গেছে দোকান, বসতঘর—সঙ্গে শেষ হয়েছে বহু বছরের সঞ্চয় ও স্বপ্ন। সর্বস্ব হারিয়ে যাকেই সামনে পাচ্ছেন, তাঁকেই জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছেন ক্ষতিগ্রস্তরা। ছবি: আজকের পত্রিকা

গুয়ারেখা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মইনুল হক রাসেল বলেন, আগুনে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দুটি পরিবারের বসতঘরসহ দোকানপাট পুড়ে যাওয়ায় তাঁরা চরম অসহায় অবস্থায় পড়েছেন। এগারগ্রাম এলাকায় সেতু ভাঙা থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। সময়মতো পৌঁছাতে পারলে ক্ষয়ক্ষতি কিছুটা কমানো সম্ভব হতো।

নেছারাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার মো. মনিরুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাঁরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। কিন্তু গুয়ারেখা ইউনিয়নের এগারগ্রামের সড়কের সেতু ভাঙা থাকায় সেখানে পৌঁছানো সম্ভব হয়নি। পরে বানারীপাড়া ফায়ার সার্ভিসের সহায়তায় ছোট গাড়ি নিয়ে বিকল্প পথে ঘটনাস্থলে পৌঁছাতে ভোর ৫টা বেজে যায়। ততক্ষণে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

মনিরুল ইসলাম আরও বলেন, একটি খাবারের দোকান ও একটি ওষুধের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। প্রাথমিক হিসাবে আগুনে ৬০ থেকে ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারগুলোর পাশে দাঁড়ানোর পাশাপাশি তাঁদের পুনর্বাসনে দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয়রা।