হোম > সারা দেশ > পিরোজপুর

মায়ের কাছে কোম্পানির অভিযোগ, সন্ধ্যায় ঘরে মিলল যুবকের ঝুলন্ত লাশ

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

পিরোজপুরের নেছারাবাদে নিজ বসতঘর থেকে মো. রাজীব সরদার (২৫) নামের এক অটোচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার স্বরূপকাঠি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জগৎপট্টি গ্রামের সরদারবাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

রাজীব ওই এলাকার কবির সরদারের ছেলে। স্বজনেরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজীব অটোরিকশা চালানোর পাশাপাশি একটি বিস্কুট কোম্পানির ডেলিভারিম্যান হিসেবে কাজ করতেন। ওই কোম্পানির সঙ্গে আর্থিক লেনদেনের হিসাব মেলাতে পারছিলেন না তিনি। বিষয়টি কোম্পানির লোকজন তাঁর মাকে জানান। এ নিয়ে গতকাল বিকেলে মায়ের সঙ্গে রাজীবের কথা-কাটাকাটি হয়। এরপর সন্ধ্যার দিকে নিজ ঘরে তাঁকে নিথর অবস্থায় পাওয়া যায়।

রাজীবের বাবা মো. কবির সরদার বলেন, তাঁর ছেলে একটি কোম্পানির ডেলিভারি বিভাগে কাজ করতেন। কোম্পানির ডিলার-মালিক তাঁর কাছে ১৮ হাজার টাকা পাবেন বলে দাবি করেছিলেন। গত শনিবার বিষয়টি নিয়ে মালিক তাঁর কাছে অভিযোগ করেন। এ বিষয়ে রাজীবের মা হয়তো রোববার বিকেলে ছেলের কাছে জানতে চেয়েছিলেন। সন্ধ্যার পর তাঁর স্ত্রী ঘর থেকে বেরিয়ে যান। পরে ঘরে ফিরে ছেলেকে নিজ কক্ষে নিথর অবস্থায় দেখতে পান।

স্বজনেরা জানান, রাজীবকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।