পিরোজপুরের মঠবাড়িয়ায় নিজ বসতবাড়ি থেকে পুলিন মিস্ত্রি (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে পবিত্র মিস্ত্রিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
আজ শনিবার সকালে উপজেলার টিকিকাটা ইউনিয়নের পাঁচশতকুরা গ্রামে বসতঘরে পুলিন মিস্ত্রিকে মৃত অবস্থায় দেখতে পান প্রতিবেশীরা। একই ঘরে তাঁর ছেলে পবিত্র মিস্ত্রিকে অসুস্থ অবস্থায় পাওয়া যায়। স্থানীয়রা পবিত্রকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং লাশের বিষয়টি পুলিশকে জানান।
পরে মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পার্থ চক্রবর্তী ও থানার তদন্ত কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করেন। অপর দিকে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছাড়পত্র পাওয়ার পর পবিত্র মিস্ত্রিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিন মিস্ত্রির স্ত্রী মারা যাওয়ার পর তিনি পুনরায় বিয়ে করতে চেয়েছিলেন। এ বিষয় নিয়ে ছেলে পবিত্র মিস্ত্রির সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল বলে দাবি এলাকাবাসীর।
পবিত্র মিস্ত্রির দাবি, অজ্ঞাতনামা ব্যক্তিরা ঘরে ঢুকে চেতনানাশক স্প্রে করে তাঁকে অচেতন করে এবং তাঁর বাবাকে হত্যা করে।
থানার ওসি (তদন্ত) শেখ হেলাল উদ্দিন জানান, পবিত্র মিস্ত্রির দেওয়া তথ্যের সত্যতা যাচাই করা হচ্ছে। প্রাথমিক তদন্তে নিহতের দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে বাবা-ছেলের বিরোধের তথ্য পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ এবং কারা জড়িত, তা নিশ্চিত হওয়া যাবে।