হোম > সারা দেশ > পিরোজপুর

নেছারাবাদে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো ২১ পরিবার ও প্রতিষ্ঠানকে সহায়তা

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি

নেছারাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন, নগদ অর্থ, চাল ও শীতবস্ত্র প্রদান করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

পিরোজপুরের নেছারাবাদে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি মন্দিরসহ মোট ২১টি পরিবার ও প্রতিষ্ঠানের প্রত্যেককে দুই বান্ডিল ঢেউটিন ও ছয় হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে ৩০ কেজি চাল ও শীতবস্ত্র দেওয়া হয়।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্ত ২১টি পরিবার ও প্রতিষ্ঠানের মধ্যে এসব সহায়তা বিতরণ করা হয়।

পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের প্রত্যেক পরিবারকে দুই বান্ডিল ঢেউটিন ও ছয় হাজার টাকার চেক দেওয়া হয়। এ ছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে ৩০ কেজি চাল ও শীতবস্ত্র দেওয়া হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, ক্ষতিগ্রস্তদের প্রতিমন্ত্রীর পক্ষ থেকে ঢেউটিন ও নগদ অর্থ এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চাল ও শীতবস্ত্র দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহমেদ বলেন, রুদ্রপুর বাজারের অগ্নিকাণ্ডে ব্যবসায়ী ও পরিবারগুলো ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। ঘটনার পরপরই উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে। প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরও নিয়মিত ক্ষতিগ্রস্তদের খোঁজখবর রাখছেন। তাঁদের দুর্ভোগ কমাতে এই সহায়তা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ১৫ নভেম্বর রাতে উপজেলার গুয়ারেখা ইউনিয়নের রুদ্রপুর বাজারে আগুনে ১৮টি দোকান, দুটি বসতঘর ও একটি মন্দির পুড়ে যায়। এতে ব্যবসায়ী ও পরিবারগুলো সর্বস্ব হারায়। কেউ বসতঘর হারিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন, আবার কেউ ব্যবসাপ্রতিষ্ঠান হারিয়ে অনিশ্চয়তায় পড়েছেন।