পিরোজপুরের কাউখালী উপজেলার কচুয়াকাঠী বেইলি সেতুর উত্তর পাশে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) সরকারি জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়াত হাসানের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উচ্ছেদ কার্যক্রমে সওজের পিরোজপুর উপবিভাগীয় প্রকৌশলী (এসডি) মো. আল-আমিন এবং উপসহকারী প্রকৌশলী মো. শামীম উপস্থিত থেকে তদারকি করেন। অভিযান পরিচালনাকালে কাউখালী থানা পুলিশ, পিরোজপুর ও কাউখালী উপজেলার সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী কর্মকর্তা এবং পিরোজপুর ও কাউখালী উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি দল নিরাপত্তার দায়িত্বে উপস্থিত ছিল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পিরোজপুর সড়ক বিভাগের ‘গড়িয়ারপাড়-বানারীপাড়া-স্বরূপকাঠী-কাউখালী-নৈকাঠী’ (জেড-৮০০৩) জেলা মহাসড়কের ৪৪তম কিলোমিটারে কচুয়াকাঠী বেইলি সেতুর উত্তর পাশে সওজের মালিকানাধীন জমিতে টিনশেড ও আধাপাকা স্থাপনা গড়ে তুলে দীর্ঘ বছর ধরে দখল করে রেখেছিলেন আবু জাফর মো. আ. হক।
উচ্ছেদ অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়াত হাসান জানান, দীর্ঘ বছর ধরে সওজ বিভাগ ও উক্ত ভবন মালিকের মধ্যে চলমান আইনি লড়াই ও মামলা চূড়ান্ত নিষ্পত্তি শেষে জমিটি সওজের বলে রায় হয় এবং দখলদারকে অবৈধ ঘোষণা করা হয়। পরবর্তীতে সড়ক উপবিভাগ, কাউখালী থেকে গত ৮ সেপ্টেম্বর ‘অতীব জরুরি’ নোটিশের মাধ্যমে দখলদার আবু জাফর মো. আ. হককে ১৪ সেপ্টেম্বরের মধ্যে নিজ দায়িত্বে স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হলেও তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে জমি খালি করেননি।
ফলে ‘মহাসড়ক আইন, ২০২১’ এবং বিজ্ঞ আদালতের নির্দেশনা অনুযায়ী আজ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের উদ্যোগ অতি জরুরি।