হোম > সারা দেশ > পটুয়াখালী

দশমিনায় টিউবওয়েল বসানোর সময় বিদ্যুতায়িত হয়ে ২ জন নিহত, আহত ৪

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রতীকী ছবি

পটুয়াখালীর দশমিনা উপজেলায় টিউবওয়েল বসানোর কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিক নিহত এবং চারজন আহত হয়েছেন। শনিবার (১৩ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার রনগোপালদী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গুলি আউলিয়াপুর গ্রামের শানু হাওলাদারের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন আলীপুর ইউনিয়নের খলিসাখালী গ্রামের আলী প্যাদার ছেলে মো. বেল্লাল প্যাদা (৪০) এবং ঢাকার কদমতলী থানার মুজাহিদনগর এলাকার বেল্লাল হোসেনের ছেলে মো. ইউসুব (৩০)।

আহত ব্যক্তিরা হলেন খলিসাখালী গ্রামের রিপন প্যাদার ছেলে সিফাত (১৯), পূর্ব আলীপুর গ্রামের মোক্তারের ছেলে রনি (১৮), জাহাঙ্গীর প্যাদার ছেলে রাকিব (১৯) এবং রনগোপালদী ইউনিয়নের চরঘূর্ণি গ্রামের মোক্তার প্যাদার ছেলে মারুফ (২০)।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে শানু হাওলাদারের বাড়িতে টিউবওয়েল স্থাপনের কাজ শুরু করেন শ্রমিকেরা। কাজের একপর্যায়ে ছয়জন মিলে টিউবওয়েলের পাইপ ওপরে তুলছিলেন। এ সময় পাইপের নিচের অংশ হঠাৎ স্লিপ করে পাশের বিদ্যুতের তারের ওপর পড়ে যায়। সঙ্গে সঙ্গে ছয়জন বিদ্যুতায়িত হয়ে ছিটকে পড়েন।

স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁদের উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বেল্লাল প্যাদা ও ইউসুবকে মৃত ঘোষণা করেন। আহত চারজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাড়ির মালিক শানু হাওলাদার বলেন, ‘বিকেলে বেল্লাল কন্ট্রাক্টর আমার বাড়িতে টিউবওয়েল বসানোর কাজে আসেন। আমি তাঁদের সতর্ক করে বলেছিলাম যে পাশে বিদ্যুতের লাইন রয়েছে। কিন্তু কাজের সময় পাইপ বিদ্যুতের তারে স্পর্শ করলে দুর্ঘটনাটি ঘটে।’

স্থানীয় বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য সুমন জানান, চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে তাঁরা দেখতে পান বিদ্যুতায়িত হয়ে কয়েকজন মাটিতে পড়ে আছেন। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাবেয়া স্বর্ণা জানান, সন্ধ্যা ৬টার দিকে ছয়জনকে জরুরি বিভাগে আনা হয়। তাঁদের মধ্যে দুজন হাসপাতালে আনার আগেই মারা যান। আহত চারজন বর্তমানে চিকিৎসাধীন এবং তাঁদের অবস্থা স্থিতিশীল।

নিহত বেল্লাল প্যাদার বাবা আলী প্যাদা বলেন, ‘এটি একটি দুর্ঘটনা। আমাদের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের আবেদন জানিয়েছি।’

নিহত ইউসুবের স্ত্রী নুপুর বেগম বলেন, ‘আমার স্বামী দীর্ঘদিন ধরে টিউবওয়েল বসানোর কাজ করতেন। দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে। আমাদেরও কোনো অভিযোগ নেই। ময়নাতদন্ত ছাড়া মরদেহ পাওয়ার আবেদন করেছি।’

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। নিহত দুই ব্যক্তির মরদেহ থানা হেফাজতে নেওয়া হয়েছে। স্বজনেরা ময়নাতদন্তে আপত্তি জানিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পটুয়াখালীতে নিজের আইনজীবীকে কোপালেন মাদক মামলার আসামি

দশমিনায় বিল থেকে যুবকের লাশ উদ্ধার

৯ ঘণ্টায়ও খোঁজ মেলেনি তেঁতুলিয়া নদীতে নিখোঁজ যুবকের

দশমিনায় তেঁতুলিয়া নদীতে যুবক নিখোঁজ

পটুয়াখালীতে কুকুর হত্যার দায়ে ২০ হাজার টাকা জরিমানা

আইসিইউতে হাতকড়া পরা ছবি ভাইরাল: আওয়ামী লীগ নেতা মনির খানের মৃত্যু

বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলারে জলদস্যুদের হানা, আহত ১২

পটুয়াখালীতে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

গণঅধিকারের ইউনিয়ন কমিটি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত ১০

বাউফলে বিদ্যালয়ের নির্মাণাধীন সীমানা প্রাচীর ভাঙার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে