হোম > সারা দেশ > পটুয়াখালী

ঘুরতে বেরিয়ে ছিনতাইয়ের শিকার পবিপ্রবির শিক্ষার্থী, ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ

পটুয়াখালী ও দুমকি প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার এবং তাঁদের সঙ্গে থাকা এক ছাত্রীকে শ্লীলতাহানি করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) দুই শিক্ষার্থী অটোরিকশায় ঘুরতে বেরিয়ে ছিনতাইয়ের শিকার হয়েছেন। এ সময় তাঁদের সঙ্গে থাকা এক ছাত্রীকে শ্লীলতাহানি করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুমকি থানায় পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে।

মামলার তথ্যানুযায়ী, ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তালুকদার বাড়ির মাদ্রাসার পূর্ব পাশের সড়কে ঘটনাটি ঘটে। ওই সময় পবিপ্রবির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় সেমিস্টারের দুই শিক্ষার্থী অটোরিকশায় ছিলেন।

অভিযোগে বলা হয়েছে, কয়েকজন যুবক অটোরিকশাটির গতি রোধ করে তাঁদের থামান। পরে শিক্ষার্থীদের কাছে থাকা নগদ টাকা ও বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাওয়া হয়। একই সময়ে অটোরিকশায় থাকা এক ছাত্রীকে শ্লীলতাহানি করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হলে অটোরিকশাটি বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হয়। পরে সেটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অটোরিকশার চালকের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

২৩ সেপ্টেম্বর এ ঘটনায় ভুক্তভোগী সাদিয়া শিখা বাদী হয়ে দুমকি থানায় মামলা করেন। এতে রিফাত মৃধা, হাসান তালুকদার, মাহিন তালুকদার, জাহিদ হাওলাদার ও রফিক তালুকদারসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী অটোরিকশায় করে ঘুরতে বেরিয়েছিলেন। পথে কয়েকজন স্থানীয় যুবক তাঁদের গাড়ি থামান। এ সময় শিক্ষার্থীদের কাছে থাকা মালামাল নিয়ে যাওয়ার পাশাপাশি এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঘটনার সময় অটোরিকশায় থাকা নোবেলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই বলতে চাই না। যা বলার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলবেন।’

পবিপ্রবির প্রক্টর অধ্যাপক ড. আবুল বাশার খান বলেন, ‘ঘটনার পর অটোরিকশাটি বিশ্ববিদ্যালয়ে নিয়ে এসে পরে থানায় দেওয়া হয়েছে। চালকের দেওয়া তথ্যানুযায়ী অভিযুক্তদের নাম পাওয়া গেছে। সেই তথ্যের ভিত্তিতেই থানায় মামলা করা হয়েছে।’

প্রক্টর বলেন, ‘সাড়ে ৫ হাজার টাকা এবং বেশ কিছু মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। একই সঙ্গে ওই ছাত্রীর গায়েও হাত দেওয়া হয়েছে।’