হোম > সারা দেশ > পটুয়াখালী

পবিপ্রবিতে সহকর্মীকে চড়থাপ্পড় সহকারী রেজিস্ট্রারের, তদন্ত কমিটি গঠন

পবিপ্রবি সংবাদদাতা ও পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সহকারী রেজিস্ট্রার (খণ্ডকালীন) মাহমুদ আল জামানের বিরুদ্ধে রেজিস্ট্রার শাখার এক কর্মকর্তাকে চড়থাপ্পড় মারার অভিযোগ উঠেছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ওই কর্মকর্তার কক্ষে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

কমিটির আহ্বায়ক হলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. দেলোয়ার হোসেন, সদস্যসচিব প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান। এ ছাড়া সদস্য হিসেবে আছেন দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মুহসিন হোসেন খান ও ডেপুটি রেজিস্ট্রার ড. আমিনুল ইসলাম। তাঁদের আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

জানতে চাইলে ভুক্তভোগী (সেকশন অফিসার) সাকিন রহমান অভিযোগ করে বলেন, ‘কোনো প্রকার উসকানি ছাড়াই মাহমুদ আল জামান এসে আমাকে চড়থাপ্পড় মারেন। এটি একজন কর্মকর্তার জন্য চরম নিন্দনীয় আচরণ। আমি চাই দৃষ্টান্তমূলক শাস্তি হোক।’

একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, যোগদানের পর থেকে মাহমুদ আল জামান বারবার আচরণবিধি লঙ্ঘন করে অসৌজন্যমূলক আচরণ করেছেন। এর ফলে প্রশাসনিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কর্মকর্তাদের মধ্যে তাঁর প্রতি ক্ষোভ রয়েছে।

অপর দিকে অভিযোগের কথা স্বীকার করে সহকারী রেজিস্ট্রার মাহমুদ আল জামান বলেন, ‘আমার মানসিক অবস্থা ভালো ছিল না। কথা-কাটাকাটির একপর্যায়ে চড়থাপ্পড় মেরে ফেলেছি। আমার ভুল হয়েছে। ভবিষ্যতে আর এমন হবে না।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘এ ধরনের ঘটনা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করে। আশা করছি, তদন্ত কমিটি নিরপেক্ষভাবে ঘটনা উদ্‌ঘাটন করবে।’

উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, শৃঙ্খলাভঙ্গের ঘটনা বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবেই বরদাশত করবে না। তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পায়রা বন্দরের চ্যানেল খনন: পলির নিচে ৬৫০০ কোটি টাকা

লেখালেখি করে পতন ঘটানো যাবে না, সরকার ৫ বছর পার করবেই: নুরুল হক

দুমকীর স্বাস্থ্য কর্মকর্তার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

দশমিনায় মা ইলিশ ধরার প্রস্তুতি, ১২ ট্রলারসহ এক লাখ মিটার জাল জব্দ

কলাপাড়ায় নিখোঁজের দুই দিন পর বস্তাবন্দী শিশুর মরদেহ উদ্ধার

কুয়াকাটার সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা

দশমিনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার, ৬ জেলের কারাদণ্ড

অভিযানে অপ্রাপ্তবয়স্কদের মুচলেকায় ছাড়া—মা ইলিশ শিকারে শিশুরা

অন্তঃসত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতে নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

দশমিনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গণঅধিকার পরিষদের ২ নেতা সাময়িক বহিষ্কার