হোম > সারা দেশ > পটুয়াখালী

দশমিনায় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনা, আহত ৫

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি 

আহত একজনকে হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর দশমিনায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুরকে শুভেচ্ছা জানিয়ে মোটরসাইকেল বহর নিয়ে ফেরার পথে পাঁচ নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যার দিকে উপজেলার দশমিনা-গলাচিপা মহাসড়কের আরজবেগী ও কাপুরিয়া কাচারির মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন-বাঁশবাড়িয়া ইউনিয়ন গণঅধিকার পরিষদের আহ্বায়ক মাহফুজ, সাবেক আহ্বায়ক সোহরাব সিকদার, সবুজ, হেলাল ও রাকিব।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুরকে শুভেচ্ছা জানাতে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে উপজেলার রনগোপালদী ইউনিয়নে অবস্থান নেন। প্রতিমন্ত্রী গলাচিপা থেকে রনগোপালদীতে পৌঁছালে নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান। পরে প্রতিমন্ত্রীর সঙ্গে দশমিনার দিকে আসার সময় দশমিনা ইউনিয়নের আরজবেগী ও কাপুরিয়া কাচারির মধ্যবর্তী এলাকায় মোটরসাইকেলগুলোর কয়েকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এতে পাঁচজন আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন মাহফুজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অপর চারজনকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক আলতাফ হোসেন আকন বলেন, ‘গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু সভাপতি এবং প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুরকে গলাচিপা থেকে শুভেচ্ছা জানিয়ে আসার পথে আমাদের পাঁচ নেতাকর্মী মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন। একজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চারজনের দশমিনা হাসপাতালে চিকিৎসা চলছে। বর্তমানে আহতরা সুস্থ আছেন। আমরা সার্বক্ষণিক তাদের খোঁজখবর রাখছি।’