হোম > সারা দেশ > পটুয়াখালী

চাঁদনী পসরে বাউল সংঘের সাংস্কৃতিক পরিবেশনায় মাতল কলাপাড়া হেলিপোর্ট

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

রাস পূর্ণিমা উপলক্ষে কলাপাড়ার হেলিপোর্ট মাঠে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ-গান ও আবৃত্তি পরিবেশন করেন শিল্পীরা। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় রাস পূর্ণিমা উপলক্ষে দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতেছিলেন দর্শক-শ্রোতারা। উপজেলা প্রশাসন ও পৌরসভার আয়োজনে কলাপাড়া বাউল সংঘের পরিবেশনায় গত ২৪ ও ২৫ নভেম্বর সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত পৌর শহরের হেলিপোর্ট মাঠে এ অনুষ্ঠান চলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন শিকদার, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলুসহ স্থানীয় রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা।

অনুষ্ঠানে কলাপাড়া বাউল সংঘের সদস্যদের পাশাপাশি স্থানীয় নবীন-প্রবীণ এবং দূরদূরান্ত থেকে আসা শিল্পীরা নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করেন।

আয়োজন ঘিরে হেলিপোর্ট মাঠের চারপাশে বসে খেলনা ও খাবারের দোকান। সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাস পূর্ণিমার উৎসবকে কেন্দ্র করে পুরো মাঠ পরিণত হয় দর্শনার্থীদের মিলনমেলায়।

কলাপাড়া বাউল সংঘের সাধারণ সম্পাদক শামিম ব্যাপারী বলেন, সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস পূর্ণিমার আনন্দ বাড়িয়ে দিতে তাঁদের এ আয়োজন। এ আয়োজনে উপজেলা প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা পেয়েছেন তাঁরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, কলাপাড়ার মানুষ সংস্কৃতিমনা। মাঝেমধ্যে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের চেষ্টা করছে উপজেলা প্রশাসন।

প্রধান অতিথি সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন বলেন, মনকে সতেজ রাখতে এ ধরনের অনুষ্ঠানের প্রয়োজন রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানান তিনি। সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি।