হোম > সারা দেশ > পটুয়াখালী

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি: গলাচিপায় নেতা-কর্মীদের দুই পক্ষের সংঘর্ষ

পটুয়াখালী প্রতিনিধি

গলাচিপায় বিএনপি নেতা-কর্মীদের দুই পক্ষের সংঘর্ষ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৃথক কর্মসূচি পালনকে কেন্দ্র করে পটুয়াখালীর গলাচিপায় দলটির দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

আজ মঙ্গলবার সকালে পৌর শহরের কালীবাড়ি, বটতলা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের আশপাশে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের ভাষ্য, সংঘর্ষের আগে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে পৃথক মিছিল বের হলে একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গলাচিপায় দলটির বর্তমান উপজেলা কমিটি এবং সাবেক নেতাদের অনুসারীরা পৃথক কর্মসূচির আয়োজন করেন। কর্মসূচির স্থান ও আয়োজন নিয়ে দুই পক্ষের মধ্যে আগে থেকেই মতবিরোধ ছিল। সোমবার থেকেই এ নিয়ে উত্তেজনা চলছিল বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

আজ সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি হয়। পরে উভয় পক্ষ পৃথক মিছিল বের করে। মিছিল দুটি পৌর শহরের কালীবাড়ি ও বটতলা এলাকায় পৌঁছালে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। পরে পুলিশের সতর্ক অবস্থানের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছে।

এদিকে সংঘর্ষের সময় প্রেসক্লাব গলাচিপার যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুনের মালিকানাধীন হাবিব রেস্তোরাঁয় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। রেস্তোরাঁর আসবাব ও বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা দাবি করেছেন। তাঁদের ধারণা, এতে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কারা হামলা ও ভাঙচুর চালিয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. সাজেদুল ইসলাম বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে অল্প কিছু হাতাহাতির ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকেই পুলিশ ঘটনাস্থলে ছিল। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।