হোম > সারা দেশ > পটুয়াখালী

সাংবাদিককে মারধরের অভিযোগ, পরদিন তাঁর বিরুদ্ধেই সাইবার মামলা

পটুয়াখালী প্রতিনিধি

আহত গোপাল হালদার পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ছবি: সংগৃহীত

পটুয়াখালীতে একজন সাংবাদিককে মারধর ও প্রকাশ্যে জুতাপেটার অভিযোগ উঠেছে জাতীয় ছাত্রশক্তির নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনার পরদিন ওই সাংবাদিকের বিরুদ্ধেই সাইবার নিরাপত্তা আইনে মামলা করেছেন সংগঠনটির জেলা যুগ্ম সদস্যসচিব রুশদা ইসলাম। আহত গোপাল হালদার বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৯টার দিকে শহরের বড় চৌরাস্তায় এ ঘটনা ঘটে। হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে গোপালকে ধরে রাখতে দেখা যায় কয়েকজনকে। এ সময় জেলা ছাত্রশক্তির যুগ্ম সদস্যসচিব রুশদা ইসলাম তাঁকে জুতা দিয়ে আঘাত করেন। পরে জেলা আহ্বায়ক মিরাজ ইমতিয়াজসহ কয়েকজনকে তাঁকে মারধর করতে দেখা যায়।

গোপাল হালদার অভিযোগ করেন, ঘটনার সময় তিনি একটি চায়ের দোকানে বসে ছিলেন। মিরাজের নির্দেশে কয়েকজন তাঁকে টেনেহিঁচড়ে রাস্তায় নিয়ে যান। এ সময় মিরাজ তাঁর মাথায় কিল-ঘুষি মারেন এবং অন্যরা লাঠি দিয়ে পেটান। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে স্থানীয় লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে যান। তাঁর মাথা ফুলে গেছে এবং পায়ের হাড় ভেঙে গেছে বলে দাবি করেন তিনি।

গোপালের দাবি, ২০২৫ সালের ৬ আগস্ট কালের কণ্ঠের ডিজিটাল প্ল্যাটফর্মে ‘জুলাই শহীদ ও আহতদের তালিকায় ভুয়া নাম’ শিরোনামে তাঁর একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে অভিযোগ করা হয়েছিল, মিরাজ ইমতিয়াজ জুলাই আন্দোলনে আহত না হয়েও ভুয়া সনদের মাধ্যমে সরকারি গেজেটে জুলাই যোদ্ধা হিসেবে নাম অন্তর্ভুক্ত করেছেন এবং বিভিন্ন সুযোগ-সুবিধা নিচ্ছেন। এ প্রতিবেদন প্রকাশের পর থেকে মিরাজ ও তাঁর সংগঠনের নেতা-কর্মীরা তাঁর ওপর ক্ষুব্ধ ছিলেন। তাঁকে হুমকিও দেওয়া হয়েছিল। এ ঘটনায় তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

গোপাল আরও বলেন, ছাত্রশক্তির এক নেত্রীর আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার খবর যাচাই করতে তিনি এক সহকর্মীকে পাঠিয়েছিলেন। ভিডিওটি কে ছড়িয়েছেন কিংবা সেটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কি না, সে বিষয়ে তিনি কিছু জানেন না।

অন্যদিকে মামলার বাদী রুশদা ইসলাম অভিযোগ করেন, গোপাল তাঁকে নিয়ে অপপ্রচার চালাচ্ছিলেন। ২২ নভেম্বর রাতে ফেসবুক মেসেঞ্জারে গোপাল তাঁকে একটি সম্পাদিত অশ্লীল ভিডিও পাঠান। এ বিষয়ে জানতে চাইলে বড় চৌরাস্তায় গোপাল তাঁর ওপর হামলা করেন। তাঁকে রক্ষা করতে গিয়ে মারুফ হাসান নামে একজনও আহত হন বলে দাবি করেন তিনি।

এদিকে আজ বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে শহরের বড় চৌরাস্তায় গোপাল হালদারের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ধর্ষণ প্রতিরোধ মঞ্চ, পটুয়াখালী জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

মিরাজ ইমতিয়াজ বলেন, জুলাই আন্দোলনে আহত হওয়ার পর তিনি সরকারি সহায়তার জন্য আবেদন করেছিলেন। পরে সরকারি প্রজ্ঞাপনে জুলাই যোদ্ধা হিসেবে তাঁর নাম অন্তর্ভুক্ত হয় এবং তিনি ভাতা পাচ্ছেন। গোপালের প্রতিবেদনকে মিথ্যা দাবি করে তিনি বলেন, এক নারী জুলাই যোদ্ধার আপত্তিকর এআই ভিডিও ছড়ানোর প্রতিবাদে তাঁরা কর্মসূচি পালন করেছেন।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, এক নারী জুলাই যোদ্ধা বাদী হয়ে সাইবার নিরাপত্তা আইনে মামলা করেছেন। সাংবাদিকের পরিবারও অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। বিষয়টি যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ সুপার মো. আবু ইউসুফ বলেন, একই ঘটনায় পাল্টাপাল্টি মামলা হতে পারে। সে ক্ষেত্রে দুটি মামলারই তদন্ত করা হবে। প্রত্যেক নাগরিকের আইনি সহায়তা পাওয়ার অধিকার রয়েছে।