পটুয়াখালীর কুয়াকাটার ঐতিহ্যবাহী মিশ্রিপাড়া সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে রাখাইন সম্প্রদায়। বিহার পরিচালনা কমিটির সভাপতি মংলাচিনকে মারধরের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
গতকাল বুধবার বিকেলে সিদ্ধান্তের পর বিহারে গিয়ে প্রবেশের সুযোগ না পেয়ে ফিরে আসতে হয় পর্যটক ও দর্শনার্থীদের। এতে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।
বিহারের মহাথেরো উত্তম ভিক্ষু জানান, গত মঙ্গলবার সকালে বিহারের সীমানার মধ্যে একটি দোকানঘর নির্মাণের কাজ শুরু করে বিহার কর্তৃপক্ষ। এ সময় স্থানীয় নাসির হাওলাদার ও সামসুল আলম বিহারের জমি দাবি করে সভাপতি মংলাচিনকে মারধর করেন।
এ ঘটনায় মংলাচিন গতকাল মহিপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তদের বিচার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য বিহার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাখাইন সম্প্রদায়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন, অভিযোগের বিষয়ে পুলিশি তদন্ত চলছে।
শত বছরের ঐতিহ্যবাহী এ বিহারে অষ্টধাতুর তৈরি ৩৭ মণ ওজনের গৌতম বুদ্ধের ধ্যানমগ্ন মূর্তি রয়েছে। মূর্তিটি দেখতে প্রতিনিয়ত হাজারো পর্যটকের ভিড় জমে।