হোম > সারা দেশ > পটুয়াখালী

বাউফলে বিএনপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি 

হামলায় ভাঙচুরে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীর বাউফল উপজেলায় বিএনপির উদ্যোগে আয়োজিত একটি মোটরসাইকেল বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনায় বিএনপি ও সহযোগী সংগঠনের অন্তত ১০ নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। পাশাপাশি ২০ থেকে ২৫টি মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ উঠেছে।

শনিবার (২৭ জুন) রাত পৌনে ৯টায় উপজেলার দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।

হামলায় দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন (৪৫), উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ (৩৫), শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাওসার (৪২) এবং ছাত্রদলের সহসভাপতি রাসেল (৩০) গুরুতর আহত হয়েছেন। তাঁদের বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবর মৃধা জানান, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে সন্ধ্যায় পৌর শহরের বাংলাবাজার এলাকা থেকে প্রায় ৪০ থেকে ৫০টি মোটরসাইকেল নিয়ে শতাধিক নেতা-কর্মীর অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নাজিরপুর ইউনিয়নের ডালিমা, কালাইয়া বন্দর বেইলি ব্রিজ অতিক্রম করে দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একদল সশস্ত্র ব্যক্তি অতর্কিত হামলা চালায়।

উপজেলা যুবদলের সাবেক সদস্যসচিব সাইফুল ইসলাম খোকনের অভিযোগ, রিয়াজ, সালাম, রাব্বি, রাসেল ও হেলালের নেতৃত্বে ২০-২৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলায় অংশ নেয়। তাঁর দাবি, হামলাকারীরা কালাইয়া ও দাশপাড়া ইউনিয়নের ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মী এবং তাঁদের সমর্থক।

ঘটনার খবর পেয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহত নেতা-কর্মীদের খোঁজখবর নেন।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কলাপাড়ায় সাংবাদিক মোয়াজ্জেমের ওপর ছাত্রদলের হামলা

পবিপ্রবি ও ববির নবনিযুক্ত দুই উপাচার্যকে সংবর্ধনা

পবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক হলেন ড. রাহাত মাহমুদ

মারামারি ও ছিনতাই মামলায় বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

শ্রমিক লীগ নেতাকে ধাওয়ার সময় ওলামা দলের নেতার দোকান-বাড়ি লুট, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

মাছ ধরতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ব্রাজিলের জয়ে কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক, মাথা ন্যাড়া করলেন প্রকাশ্যে

ফিরোজা কামাল বালিকা দাখিল মাদ্রাসা: ৫ শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক-কর্মচারী ১৭

বিতর্কিত ব্যক্তিকে পটুয়াখালী মেডিকেল কলেজে অধ্যক্ষ নিয়োগ, যা বললেন স্বাস্থ্যমন্ত্রী

পটুয়াখালী মেডিকেল কলেজ: কলেজে পদ নেই, তবু তিনি ‘উপাধ্যক্ষ’