হোম > সারা দেশ > পটুয়াখালী

কলাপাড়ায় পরিত্যক্ত ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রতীকী ছবি

পটুয়াখালীর কলাপাড়ায় একটি পরিত্যক্ত ঘর থেকে বাইজিদ (২৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম টিয়াখালী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে ওই পরিত্যক্ত ঘরের আড়ার (তীর) সঙ্গে বাইজিদকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁরা। পরে পুলিশকে খবর দেওয়া হয়। বাইজিদ কলাপাড়া পৌর শহরের রহমতপুর এলাকার কালাম ওরফে ভ্যান কালামের ছেলে।

স্থানীয় ফোরকান মোল্লা বলেন, টিয়াখালী এলাকায় কালাম জমি কিনে নতুন বাড়ি নির্মাণ করছেন। সেখানে মেম্বারের বাড়ির সামনে একটি ঘর দীর্ঘদিন ধরে পরিত্যক্ত পড়ে আছে। খবর পেয়ে সেখানে গিয়ে তিনি ঘরের আড়ার সঙ্গে বাইজিদকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

কলাপাড়া থানার তদন্ত কর্মকর্তা ইলিয়াস তালুকদার বলেন, ‘খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তাঁর পরনে শুধু জিনসের কাটা হাফপ্যান্ট ছিল এবং শরীরের ওপরের অংশ ছিল বিবস্ত্র।’

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘এটি আত্মহত্যা না কি এর পেছনে অন্য কোনো বিষয় রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। সব বিষয় বিবেচনায় নিয়ে তদন্ত করা হবে।’