পটুয়াখালীর দুমকি উপজেলায় সড়ক দুর্ঘটনায় হারুন অর রশিদ খান (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলা পরিষদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হারুন অর রশিদ খান উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চরবয়েড়া গ্রামের বাসিন্দা। তিনি রূপালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক খান নাসিমা বেগম ডলির স্বামী।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হারুন অর রশিদ খান সড়কের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা দেয়। পরে ট্রাকটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় হারুন অর রশিদ ও ট্রাকচালককে উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার আগেই হারুন অর রশিদের মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
আহত ট্রাকচালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দীন বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হয়েছে। আহত চালক বর্তমানে বরিশালে চিকিৎসাধীন। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।