হোম > সারা দেশ > পটুয়াখালী

মিথ্যা ও মানহানিকর পেজগুলোর কারণে মূলধারার সাংবাদিকতা বাধাগ্রস্ত হচ্ছে: নুরুল হক নুর

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি 

গতকাল রাতে দশমিনা উপজেলা প্রশাসন আয়োজিত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়। ছবি: আজকের পত্রিকা

মিথ্যা ও মানহানিকর সংবাদ পরিবেশন করে কিছু সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ মূল ধারার সাংবাদিকদের কাজের আগ্রহকে বাধাগ্রস্ত করছে বলে মন্তব্য করেছেন দশমিনা-গলাচিপা আসনের এমপি এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর।

গতকাল শনিবার (২৯ আগস্ট) রাতে উপজেলা প্রশাসনের আয়োজনে অসহায়, দুস্থ পরিবারের মাঝে চেক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়াসামগ্রী ও ফ্যান, ফিল্টার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

সরকারি সফরে এসে উপজেলায় আসেন প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর। তিনি প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে মতবিনিময় করেন। পরে দুস্থ, অসহায় পরিবার, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ক্রীড়া সংগঠন ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

আলোচনা সভা শেষে দুস্থ ৬০ পরিবারের মাঝে ৫ হাজার টাকা বিতরণ করেন। পরে স্কুল শিক্ষার্থীদের মাঠমুখী করার জন্য ক্রীড়ার মানোন্নয়নে ক্রীড়াসামগ্রী বিতরণ ও পরিষ্কার পরিচ্ছন্ন পানি পানের জন্য ফিল্টার ও ফ্যান সরবরাহ করা হয়।

প্রতিমন্ত্রী মো. নুরুল হক আলোচনা সভায় বলেন, ‘আমার সঙ্গে ছবি তুলে, নির্বাচনে ভোট চেয়ে, আমাকে বিজয়ী করার জন্য কাজ করে মনে করবেন না কোনো অন্যায়-অপরাধ করে পার পেয়ে যাবেন। বিএনপি আমাকে দশমিনা-গলাচিপা আসনে মনোনয়ন দিয়েছে, আমি এমপি হয়েছি, প্রধানমন্ত্রী আমাকে প্রতিমন্ত্রী পদমর্যাদা দিয়েছেন, আমি কোনো অন্যায় মেনে নেব না, সে বিএনপি বা গণঅধিকারের নেতা-কর্মী হোক। কাউকে অপমান অপদস্থ করা যাবে না। দেশে আইনের শাসন ব্যবস্থা আছে, তার প্রয়োগ আছে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘কিছু মোবাইল সাংবাদিক ও পেইজার আছেন তাঁরা সাংবাদিকতার নামে মানুষের মানসম্মান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করে থাকে, তাঁদের প্রতিহত করতে হবে। মূল ধারার সাংবাদিকেরা অনেক উন্নয়নমূলক কাজের ভিডিও ও তথ্য দিয়ে সহযোগিতা করে থাকেন, আমি তাঁদের সম্মান জানাই। অপসাংবাদিকতার বিরুদ্ধে আপনারা সোচ্চার হোন। এদের কারণে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি ব্যাহত হচ্ছে।’

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও ছিলেন সহকারী কমিশনার ভূমি আব্দুল আল মামুন, ঢাকা দক্ষিণ মহানগর গণঅধিকার পরিষদের সহসভাপতি মিজানুর রহমান, জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক কালাম পঞ্চায়েত, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আলতাফ হোসেন আকন, সাধারণ সম্পাদক লিয়ার হোসেন হাওলাদার, যুব অধিকার পরিষদের সভাপতি ইমরান শাহিনসহ উপকারভোগী অসহায়, দুস্থ পরিবার, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষক, ছাত্র-ছাত্রী, বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতারা।