পটুয়াখালী জেলার দুমকি থানার শ্রীরামপুর থেকে নিখোঁজের ১০ ঘণ্টার মধ্যেই এক কিশোরীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১০)।
আজ শনিবার দুপুরে অধিনায়কের পক্ষে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন এসআরবি-১০-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি তপন সরকার। তিনি জানান, আসামিরা ভিকটিমকে তাঁর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক অজ্ঞাতনামা গাড়িতে তুলে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের বাবা মো. নেছার উদ্দিন বাদী হয়ে পটুয়াখালী জেলার দুমকি থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এসআরবি-১০ গোয়েন্দা নজরদারি জোরদার করে।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১০ সদর কোম্পানির একটি চৌকস দল শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ধলেশ্বরী টোল প্লাজা এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার এবং মামলার প্রধান আসামি মো. শাহা জামালকে (৪১) গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও তিনি প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন।