হোম > সারা দেশ > পটুয়াখালী

পবিপ্রবি: শিক্ষকদের ওপর হামলায় জড়িতরা এমপির অনুসারী

মীর মহিবুল্লাহ, পটুয়াখালী

শিক্ষক-কর্মকর্তাদের ওপর হামলার পর স্লোগান দিয়ে ক্যাম্পাস ছাড়ে হামলাকারীরা। গত সোমবার পবিপ্রবি ক্যাম্পাসে। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের পরিচয় পাওয়া গেছে। হামলাকারীরা দুমকী উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা, ভিডিও ফুটেজ, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি এবং জড়িতদের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া গেছে, তাঁরা পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের অভিযোগ, এটি ছিল পূর্বপরিকল্পিত হামলা। উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামের বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও অনিয়মের অভিযোগের প্রতিবাদে গড়ে ওঠা আন্দোলন দমন করা এবং উপাচার্যকে সুরক্ষা দিতেই বহিরাগতদের দিয়ে এই হামলা চালানো হয়। এতে অন্তত ৩০ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী আহত হন।

যেভাবে শুরু হয় হামলা

গত সোমবার সকাল ৯টায় প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। তাঁদের দাবি ছিল, উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামের বিরুদ্ধে ওঠা দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতার অভিযোগের তদন্ত এবং অপসারণ। সেদিন সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে উপজেলা যুবদলের বহিষ্কৃত সদস্যসচিব রিপন শরীফ এবং উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ বশির উদ্দিনের নেতৃত্বে একাধিক মোটরসাইকেলে করে ভেতরে ঢোকার চেষ্টা করে একটি দল।

তবে ফটকে দায়িত্বে থাকা আনসার কর্মী বাধা দিলে তাঁকে তারা ভয়ভীতি দেখায় এবং প্রক্টরকে ফোন করে হুমকি দিয়ে গেট খুলে ক্যাম্পাসে ঢোকে। পরে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ধাওয়া করা হয় এবং চেয়ার দিয়ে তাঁদের এলোপাতাড়ি মারধর করা হয়।

এ ব্যাপারে উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ বশির উদ্দিন বলেন, ‘আমি বাজার কমিটির সভাপতি। বাজারে যাতায়াতের জন্য গেট খোলা নিয়ে ভিসির সাথে দেখা করতে যাই। তখন মূল গেট বন্ধ পেয়ে প্রক্টরকে ফোন দিলে তাঁর সাথে ফোনে তর্কবিতর্ক হয়। পরে ভিতরে গিয়ে দেখি, প্রশাসনিক ভবনের সামনে ফটকে তালা লাগিয়ে তারা কর্মসূচি করতেছে। তখন তাদের তালা খুলে দিতে বললে আমাদের সাথে খারাপ ব্যবহার করে। ওই সময়ে আমাদের মধ্যে হাতাহাতি হয়।’

যাঁরা সরাসরি হামলা করেন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভিডিও ফুটেজে সংগ্রহ করে দেখা যায়, শিক্ষক-কর্মকর্তাদের ওপর সরাসরি হামলা করেন দুমকী উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ বশির উদ্দিন, উপজেলা যুবদলের বহিষ্কৃত সদস্যসচিব রিপন শরীফ ও তাঁর ভাই শিপন শরীফ। এ ছাড়া যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলাম সোহেল ও আহসান ফারুক এবং সুলতান শওকত; জেলা মহিলা দলের সদস্য হেলেনা খানম, কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ শামীম ও সহসাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব, উপজেলা ছাত্রদলের সদস্য গোলাম কিবরিয়া, দুমকী উপজেলা যুবদল কর্মী নয়ন গাজী, সায়েম খান, মো. রাজীব ও মুসা মৃধা হামলায় অংশ নেন। তাঁদের মধ্যে বশির উদ্দিন, আহসান ফারুক, সুলতান শওকত, হেলেনা খানম, মুসা মৃধা, সৈয়দ শামীম ও আব্দুল ওহাবকে দল থেকে বহিষ্কার করা হয়।

তবে রিপন শরীফ দাবি করেন, ‘আমরা শুনতে পেয়েছিলাম, ভিসিকে অবরুদ্ধ করে রেখেছে ফ্যাসিস্ট শিক্ষক, কর্মকর্তারা। তাই বিষয়টি দেখতে গিয়েছিলাম। তবে আমাদের কোনো উদ্দেশ্য ছিল না। এ ছাড়া ভিসির সাথে আমার পূর্বের কোনো পরিচয় নেই।’

বিশ্ববিদ্যালয়ে বহিরাগতরা ঢুকে হামলা করতে পারে কি না এবং সংসদ সদস্য জানেন কি না, এ বিষয়ে জানতে চাইলে রিপন শরীফ বলেন, ‘আলতাফ চৌধুরী স্যার এ বিষয়ে কিছু জানেন না। যা ঘটেছে অনাকাঙ্ক্ষিত, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, আমারও ভুল হয়েছে।’

শিক্ষক-কর্মকর্তারা যা বলছেন

বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক-কর্মকর্তা জানান, উপাচার্য জামায়াতে ইসলামীর সমর্থক হিসেবে নিয়োগ পেয়েই তিনি জামায়াতপন্থী শিক্ষক, কর্মকর্তাদের শক্তিশালী করেছেন এবং নানা রকমের দুর্নীতি করেছেন। বিএনপি সরকার ক্ষমতায় আসায় তিনি পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরীর ঘনিষ্ঠ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চাইছেন। এ ছাড়া হামলায় নেতৃত্ব দেওয়া বিএনপি নেতা বশির উদ্দিন উপাচার্যের আত্মীয়।

এ ব্যাপারে পবিপ্রবির প্রক্টর অধ্যাপক ড. আবুল বাশার খান বলেন, ‘বশির এর আগেও বিভিন্ন সময়ে আমার অফিসে এসে বলতেন, ভাইস চ্যান্সেলর আমার আত্মীয়। তাঁকে দেখে রাখবেন। তাঁর যাতে কোনো সমস্যা না হয়। গতকাল মূলত ভাইস চ্যান্সেলরের পক্ষে এসেছেন।’

তবে বশির উদ্দিন দাবি করেন, ‘ভিসি আমার আত্মীয়, কিন্তু তাঁর জন্য যাইনি। এগুলো মিথ্যা। আলতাফ চৌধুরী স্যারের সাথে রাজনীতি করি। কিন্তু তিনি এ বিষয়ে কিছুই জানেন না।’

জানতে চাইলে উপাচার্য বলেন, ‘গুরুত্বপূর্ণ প্রোগ্রাম থাকায় আমি বর্তমানে ঢাকায় অবস্থান করছি। ক্যাম্পাসে এসে এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করব। আজকে কিছু ক্লাস-পরীক্ষা হয়েছে। ওরা বাকি সব বন্ধ করে দিয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের কিছু শিক্ষক-কর্মকর্তা জিয়া পরিষদের ব্যানারে আমাকে বিব্রত করার জন্য মিথ্যা তথ্য ছড়াচ্ছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘সংসদ সদস্য চাচ্ছেন, এই ভিসি বহাল থাকুক। তিনি এর আগেও ভিসিকে নিয়ে বিভিন্ন প্রোগ্রাম করেছেন এবং তাঁর হাত ধরে বর্তমান ভিসি জামায়াত থেকে বিএনপিতে ঢুকে পড়তে চাইছে এবং তাঁর অপকর্ম ঢেকে বহাল থাকতে চাচ্ছেন। গতকাল যারা হামলা করেছে, তারা সবাই আলতাফ হোসেন চৌধুরী স্যারের নেতা-কর্মী।’

এ ব্যাপারে দুমকী উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান বলেন, ‘যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে। আরও হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

হামলাকারীরা সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরীর অনুসারী কি না জানতে চাইলে মো. খলিলুর রহমান বলেন, ‘বিভিন্ন মানুষ বলতেছে, জানতে চাইতেছে। যদি এমনটি হয়ে থাকে, তাহলে দুঃখজনক।’

এদিকে সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী দেশের বাইরে থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

বর্তমান পরিস্থিতি

এদিকে বিএনপির নেতা-কর্মীদের হামলার পরও শিক্ষক-কর্মকর্তাদের আন্দোলন অব্যাহত রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি অপসারণ দাবি ও বহিরাগতদের হামলা এবং শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা লাগাতার কর্মবিরতি এবং অবস্থান ধর্মঘট পালন করছেন। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে তাঁরা প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশ থেকে বক্তারা দুর্নীতির নানা অভিযোগ এনে ভিসি অপসারণ এবং অবিলম্বে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পবিপ্রবিতে শিক্ষকদের শাটডাউনে ডিফেন্স বন্ধ হওয়ায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা, একাডেমিক ভবনে তালা

পবিপ্রবিতে বহিরাগতদের হামলা: বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি শিক্ষক-কর্মকর্তাদের

এআই দিয়ে আপত্তিকর ছবি তৈরি করে চাঁদা আদায়, গ্রেপ্তার ১

স্কুলে যাওয়ার পথে নিখোঁজ ৪ ছাত্রী, ৩২ ঘণ্টা পরও মেলেনি সন্ধান

পবিপ্রবিতে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা: অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা স্থগিত

পবিপ্রবিতে হামলা: যুবদলের দুই নেতা বহিষ্কার

পবিপ্রবিতে সাবেক যুবদল নেতার নেতৃত্বে শিক্ষক-কর্মকর্তাদের ওপর বহিরাগতদের হামলা

জমি নিয়ে সংঘাত গড়াল কবরস্থান পর্যন্ত

বাউফলে এসএসসি ফরম পূরণে অনিয়মের অভিযোগ

তেঁতুলিয়া ও বুড়াগৌরাঙ্গের তীরবর্তী এলাকার ভাঙন রোধে কাজ শুরু