পটুয়াখালীর মহিপুর থানার কুয়াকাটায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার রাত পৌনে ৯টার দিকে তাঁকে গ্রেপ্তার করাা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সাদ্দাম সিকদার (৩২)। তিনি কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ওই এলাকার বাসিন্দা আব্দুল লতিফ সিকদারের ছেলে।
মহিপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার সাদ্দাম সিকদারের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা দুটি মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে পুলিশ তাঁকে খুঁজছিল।
এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে সাদ্দাম সিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এলাকার অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।