হোম > সারা দেশ > পটুয়াখালী

কুয়াকাটাকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী গড়ার উদ্যোগ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্লাস্টিক বর্জ্যের দূষণরোধে কুয়াকাটায় অংশীজনদের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি: আজকের পত্রিকা

পর্যটনকেন্দ্র কুয়াকাটাকে প্লাস্টিক দূষণমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে পৌরসভা। এ লক্ষ্যে প্লাস্টিক বর্জ্যের পুনর্ব্যবহার (রিসাইক্লিং) ও সম্প্রসারিত উৎপাদক দায়বদ্ধতা (ইপিআর) বাস্তবায়নের বিষয়ে অংশীজনদের নিয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় কুয়াকাটা পৌরসভা মিলনায়তনে এ সভা হয়। এতে প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর প্রভাব, বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহার এবং পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়।

কুয়াকাটা পৌরসভার প্রশাসক ইয়াসীন সাদেকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পরিবেশ ও গণমাধ্যমকর্মী মেজবাহ উদ্দিন মান্নু, কুয়াকাটা পৌর বিএনপির সহসভাপতি জসিম উদ্দিন বাবলু, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) সভাপতি কে এম বাচ্চু, প্লাস্টিক ব্যবসায়ী সিরাজুল সিকদার ও নাজমা বেগম।

এ ছাড়া বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ, গুড নেইবারস, আভাস ও গ্রামবাংলার প্রতিনিধিরা সভায় অংশ নেন।

সভায় বক্তারা বলেন, প্লাস্টিক বর্জ্য উপকূলীয় পরিবেশ ও সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। যত্রতত্র প্লাস্টিক ফেলার কারণে সমুদ্রসৈকতের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি সামুদ্রিক প্রাণী ও প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। পর্যটনশিল্পের টেকসই বিকাশের জন্য প্লাস্টিক বর্জ্যের কার্যকর ব্যবস্থাপনা জরুরি।

তাঁরা আরও বলেন, শুধু পৌরসভার উদ্যোগে প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ সম্ভব নয়। এ জন্য স্থানীয় বাসিন্দা, পর্যটক, ব্যবসায়ী, হোটেল-মোটেল মালিক, পরিবেশকর্মী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে একসঙ্গে কাজ করতে হবে। বর্জ্য উৎপত্তিস্থল থেকেই পৃথক করা, নির্দিষ্ট স্থানে প্লাস্টিক ফেলা এবং পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক সংগ্রহের ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তাঁরা।

সভায় কুয়াকাটা সমুদ্রসৈকত, উপকূলীয় পরিবেশ ও সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

আয়োজকেরা জানান, প্লাস্টিক বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা, পুনর্ব্যবহার কার্যক্রম জোরদার এবং জনসম্পৃক্ততা বাড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত প্রচেষ্টায় কুয়াকাটাকে পরিচ্ছন্ন, বাসযোগ্য ও পরিবেশবান্ধব পর্যটননগরী হিসেবে গড়ে তোলার প্রত্যাশা তাঁদের।