পঞ্চগড়ে আওয়ামী লীগের চার শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড় পৌরসভার বাস টার্মিনাল এলাকায় মালিকদের সঙ্গে শ্রমিক সংগঠনগুলোর নির্বাচনী মতবিনিময় সভা হয়। এ সভায় আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
পঞ্চগড়-১ আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির এই নেতা-কর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন।
সাবেক শ্রমিক লীগের সহসভাপতি ও মোটর শ্রমিকের সিনিয়র সহসভাপতি খাইরুল ইসলাম বলেন, ‘আগে আওয়ামী লীগ করতাম, আজ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিলাম।’
আসন্ন সংসদ নির্বাচন নিয়ে ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির বলেন, এই নির্বাচনকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই বা এটিকে একটি আসনের নির্বাচন হিসেবে ভাবার কারণ নেই। পঞ্চগড়ে আজ যা ঘটবে, তার প্রভাব পড়বে সারা বাংলাদেশে। এমনকি বাংলাদেশে যা ঘটবে, তার প্রভাব পার্শ্ববর্তী দেশ ও বিশ্বপরিসরেও পড়বে।
বিএনপি প্রার্থী নওশাদ নতুন বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষে ভোট দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে দেশের সুনাম বিশ্বদরবারে উজ্জ্বল রাখায় শ্রমিকসমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভায় জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।