হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীর সুবর্ণচরে আটক ১০ কিশোরকে অভিভাবকের জিম্মায় মুক্তি

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি 

নোয়াখালীর সুবর্ণচরে বিভিন্ন স্থান থেকে আটক ১০ কিশোরকে ভবিষ্যতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শপথ করিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ।

গতকাল রাত ১০টার দিকে চরজব্বার থানার নিচে আয়োজিত এক অনুষ্ঠানে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান কিশোরদের শপথবাক্য পাঠ করান। এ সময় তারা ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার অঙ্গীকার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির নির্দেশনায় গতকাল একযোগে বিভিন্ন থানায় অভিযান পরিচালনা করা হয়। এর অংশ হিসেবে সারাদিন চরজব্বার থানা-পুলিশ সুবর্ণচরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০ কিশোরকে আটক করে থানায় নিয়ে আসে। মোবাইল গেমিংয়ে আসক্তি এবং স্কুলের সামনে ঘোরাফেরার অভিযোগে তাদের আটক করা হয়।

পরে রাতে কিশোরদের অভিভাবকদের উপস্থিতিতে শপথবাক্য পাঠ করিয়ে তাঁদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

এ সময় সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।