হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীর বেগমগঞ্জে থেমে থাকা বাসে আগুন

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে থেমে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌর এলাকায় থেমে থাকা আনন্দ পরিবহনের একটি বাসে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাসে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

গতকাল শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে চৌমুহনী পৌরসভার সামনে সড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে আনন্দ পরিবহনের বাস থেকে যাত্রী নামিয়ে দিয়ে পৌরসভার সামনে চৌমুহনী-লক্ষ্মীপুর সড়কে পার্কিং করা হয়। পরে চালক ও তাঁর সহকারী পাশের হোটেলে খাবার খেতে যান। এ সুযোগে অজ্ঞাতনামা দুই যুবক পেট্রল ঢেলে বাসটিতে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আগুন লাগার সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে তা নিভিয়ে ফেলেন। ঘটনার পর বাসটি ওই স্থান থেকে সরিয়ে নেওয়া হয়। তবে কে বা কারা এবং কী কারণে বাসটিতে আগুন দিয়েছেন, তা জানা যায়নি।

এ বিষয়ে জানতে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।