হোম > সারা দেশ > নোয়াখালী

কোম্পানীগঞ্জে ভবনে আগুন, নারী ও শিশুসহ উদ্ধার ১৫, আহত-২

নোয়াখালী প্রতিনিধি

আগুন লাগার পর উদ্ধার করা হচ্ছে ভবনের বাসিন্দাদের। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট বাজারের শাহাজালাল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ওয়ালটন শোরুম, জুয়েলারিসহ অন্তত ১০টি প্রতিষ্ঠানে ক্ষয়ক্ষতি হয়েছে। ভবনের আবাসিক অংশে আটকে পড়া নারী-পুরুষ ও শিশুসহ ১৫ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। আগুনের ধোঁয়া ও তাপে দুইজন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে বসুরহাট দক্ষিণ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আহতরা হলেন বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবেদীন (৭৫) ও হাজী এন্টারপ্রাইজের স্টাফ মো. রানা (২৮)। আহত দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আগুন লাগার পর উদ্ধার করা হচ্ছে ভবনের বাসিন্দাদের। ছবি: আজকের পত্রিকা

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ভবনের নিচতলার ন্যাশনাল ক্রোকারিজ গোডাউনে হঠাৎ আগুন দেখতে পান লোকজন। মুহূর্তেই আগুন পাশের হাজী এন্টারপ্রাইজ, ওয়ালটন শোরুম, ডা. মতিন ডেন্টাল কেয়ার, হাজী জুয়েলার্স, ফিটনেস জিম, স্কাই ভিউ স্টুডিও ও সেলুনসহ পুরো ভবনে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কোম্পানীগঞ্জ ও কবিরহাট ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

উদ্ধার অভিযানে ভবনের ভাড়া বাসায় থাকা ৫ ব্যাচেলর এবং একটি পরিবারের সদস্যসহ মোট ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়।

ক্ষতিগ্রস্তদের দাবি, অগ্নিকাণ্ডে মূল্যবান মালামাল পুড়ে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

নোয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমেদ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। খবর পাওয়ার পর আমাদের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।’