হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক আরও ৬৮

নোয়াখালী প্রতিনিধি

ছবি: সংগৃহীত

কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধ, জননিরাপত্তা নিশ্চিত এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে নোয়াখালীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় কিশোর অপরাধে জড়িত থাকার অভিযোগে ৬৮ জনকে আটক করা হয়েছে।

বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। আটক ৬৮ জনের মধ্যে ৬০ জনকে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুজনকে আগের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অপর ছয়জনকে ৩৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, কিশোর অপরাধ দমনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পুরো জেলায় অভিযান চালানো হচ্ছে। এ জন্য পুলিশের একাধিক দল বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো, অপরাধপ্রবণ এলাকায় তল্লাশি এবং সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

এরই অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬৮ কিশোরকে আটক করা হয়। প্রাথমিকভাবে সংশোধনের সুযোগ দিতে ৬০ জনের পরিবারের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। পরে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। অপর আটজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।

জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন জানান, গত চার দিনে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৪৭০ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ৪৩৪ জনকে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ৩৬ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সুপার বলেন, ‘সকল ধরনের অপরাধ দমনে এ অভিযান অব্যাহত থাকবে।’