হোম > সারা দেশ > নোয়াখালী

চাঁদা তুলে হাতিয়া প্রাথমিক শিক্ষা অফিসে কর্মকর্তার জন্মদিন উদ্‌যাপন

­হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

চাঁদা তুলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার জন্মদিন উদ্‌যাপন। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর হাতিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল জব্বারের জন্মদিন উদ্‌যাপনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা চলছে। শিক্ষক-কর্মচারীদের চাঁদায় অনুষ্ঠান আয়োজন ও উপহারসামগ্রী কেনার অভিযোগ তুলেছেন কয়েকজন শিক্ষক।

গত বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে এই আয়োজন করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে শিক্ষক-কর্মচারীদের কেক কেটে আব্দুল জব্বারকে শুভেচ্ছা জানাতে ও তাঁর হাতে উপহারের বিভিন্ন প্যাকেট তুলে দিতে দেখা যায়।

অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক অভিযোগ করেন, জন্মদিনের আগে মো. আব্দুল জব্বার ফেসবুকে একটি কবিতা পোস্ট করেন। পরে শিক্ষকদের মধ্যে চাঁদা সংগ্রহ করে অনুষ্ঠানের আয়োজন করা হয়। চাঁদার অর্থে এ কর্মকর্তা ও তাঁর পরিবারের সদস্যদের জন্য শার্ট, প্যান্ট, ব্লেজার, শাড়িসহ বিভিন্ন সামগ্রী কেনা হয়। বিষয়টি নিয়ে সরকারি কর্মচারীদের শিষ্টাচার ও আচরণবিধি নিয়েও প্রশ্ন উঠেছে।

অভিযোগের বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল জব্বার বলেন, ‘এটা ছোটখাটো বিষয়। শিক্ষকদের ভালো লেগেছে, তাই তাঁরা আমার জন্মদিনের অনুষ্ঠান করেছে।’

নোয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) ইসরাত নাসিমা হাবীবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।

চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক নুরুল ইসলামকে বিষয়টি জানানো হলে তিনি পরে কথা বলবেন বলে জানান।

হাতিয়া দ্বীপ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর তোফায়েল হোসেন ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আ ন ম হাসান জানান, সরকারি অফিসে শিক্ষকদের নিয়ে কর্মকর্তার জন্মদিনের আয়োজন সরকারি কর্মচারীদের শৃঙ্খলা ও শিষ্টাচারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের খতিয়ে দেখা উচিত।

তোফায়েল হোসেন ও হাসান আরও জানান, স্কুলের সময়ে শিক্ষকদের বিদ্যালয়ের বাইরে এনে এ ধরনের আয়োজন করা হলে শিক্ষকদের নিয়মিত দায়িত্ব পালনে নেতিবাচক প্রভাব পড়তে পারে।