হোম > সারা দেশ > নোয়াখালী

সুবর্ণচরে প্রাথমিক বিদ্যালয়ের জায়গায় নির্মিত সেই অবৈধ দোকান উচ্ছেদ

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি 

স্কুলের জায়গায় নির্মিত দোকানঘর গুঁড়িয়ে দিল প্রশাসন। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পূর্ব চরবাটা ইউনিয়নের জোবায়ের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখল করে নির্মিত অবৈধ দোকানঘর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বিদ্যালয়ের জায়গা দখল করে তা বিক্রি ও সেখানে দোকানপাট নির্মাণের অভিযোগে সংবাদ প্রকাশের ১২ ঘণ্টার মধ্যে আজ শুক্রবার সকালে এই অভিযান চালানো হয়।

উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিদ্যালয়ের সীমানার মধ্যে নির্মিত অবৈধ স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেন মং রাখাইন।

গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে দৈনিক আজকের পত্রিকা অনলাইনে ‘নোয়াখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা বিক্রির অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে পূর্ব চরবাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাশার মঞ্জুর বিরুদ্ধে বিদ্যালয়ের সীমানার প্রায় ছয় শতক জায়গা দোকান হিসেবে বিক্রির অভিযোগ তুলে ধরা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক অতুল চন্দ্র নাথ অভিযোগ করেন, স্কুলের সীমানার ভেতরের জায়গা দখল করে দোকান নির্মাণের ফলে শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান বলেন, প্রশাসনের পক্ষ থেকে সরকারি স্কুলের জায়গায় নির্মিত অবৈধ স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেন মং রাখাইন বলেন, সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণের বিষয়ে প্রশাসনের নিয়মিত নজরদারি রয়েছে। বিদ্যালয়ের জায়গা যাতে অবৈধভাবে দখল বা ব্যবহার করা না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে বিদ্যালয়ের জায়গা বিক্রির অভিযোগের বিষয়ে চেয়ারম্যান আবুল বাশার মঞ্জু বলেছিলেন, তিনি সিডিএসপির সভাপতি থাকাকালে জায়গাটি তাঁর দখলে ছিল এবং দীর্ঘদিন ধরে দখলে থাকা খাসজমি তিনি বিক্রি করেছেন।

তবে ইউএনও তখন জানিয়েছিলেন, সরকারি সম্পত্তি সরকার ছাড়া অন্য কারও বিক্রি বা হস্তান্তরের সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে সরকারি সম্পত্তি উদ্ধারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।