নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নে বালুবাহী ট্রাকের ধাক্কায় জীবন হোসেন (১৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গতকাল রোববার (১৬ আগস্ট) রাতে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের ইসলামগঞ্জ বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জীবন ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রাজারামপুর গ্রামের জাহের মিয়ার বাড়ির মো. হোসেনের ছেলে।
পুলিশ জানায়, রাতে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল জীবন। ইসলামগঞ্জ বাজারে ইউটার্ন নেওয়ার সময় একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিতে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা আরোহী জীবন ছিটকে সড়কে পড়ে গাড়িচাপায় ঘটনাস্থলেই মারা যায়। মোটরসাইকেল চালক আহত হন। দুর্ঘটনার পর ট্রাকচালক ও ট্রাকের হেলপার পালিয়ে গেলেও স্থানীয়রা ট্রাকটি আটক করে। খবর পেয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. শাখাওয়াত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে। অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।