হোম > সারা দেশ > নোয়াখালী

নোয়াখালীতে ট্রাক্টর-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, দলিল লেখক নিহত

নোয়াখালী প্রতিনিধি

প্রতীকী ছবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় বালুভর্তি ট্রাক্টরের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মাইন উদ্দিন (৩৬) নামে এক দলিল লেখক নিহত হয়েছেন।

আজ রোববার সন্ধ্যায় বসুরহাট পৌরসভার করালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাইন উদ্দিনের গ্রামের বাড়ি কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে।

জানা গেছে, অফিস শেষ করে অটোরিকশাযোগে বাড়ি যাচ্ছিলেন মাইন উদ্দিন। পথে বসুরহাট পৌরসভার করালিয়ায় তাঁদের অটোরিকশাকে পেছন থেকে একটি বালুবাহী ট্রাক্টর সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজি উল্টে মাইন উদ্দিনসহ চারজন গুরুতর আহত হন। দুর্ঘটনায় মাইন উদ্দিনের মাথায় গুরুতর আঘাত লাগে। প্রথমে তাঁকে বসুরহাটে নেওয়া হয়। পরে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।