হোম > সারা দেশ > নোয়াখালী

বনানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় বিদেশি নাগরিকসহ নিহত ২

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রতীকী ছবি

রাজধানীর বনানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এঁদের মধ্যে একজন সিয়েরা লিওনের নাগরিক মাইকেল এবং অপরজন মো. খালেদ সাইফুল্লাহ (৩৮) নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার মোহাম্মদ রফিক উল্লাহর ছেলে ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে বনানীর আমতলী মোড়ের পশ্চিম পাশে ঢাকা-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, আমতলী মোড় পার হওয়ার সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুই আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি নিয়ে চালক পালিয়ে যান।

শনিবার দুপুরে বনানী থানার উপপরিদর্শক (এসআই) তারেক জানান, নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মাইকেলের মৃত্যুর বিষয়টি সংশ্লিষ্ট দূতাবাসকে জানানোর প্রক্রিয়া চলছে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন জানান, মাইকেল মালিবাগের কানাডিয়ান ট্রিলিনিয়াম ইন্টারন্যাশনাল স্কুলে চাকরি করতেন। শুক্রবার প্রতিষ্ঠানটি থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন তিনি। আজ তাঁর নিজ দেশে ফেরার কথা ছিল। স্কুল থেকে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে করে ফেরার সময় দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা হয়েছে। কাভার্ড ভ্যানটি শনাক্ত করে চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।