নোয়াখালীর বেগমগঞ্জে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগে সাইফুল ইসলাম নামের এক মাদ্রাসাশিক্ষককে পিটুনি দিয়েছেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
আজ শনিবার বিকেলে উপজেলার মারকাযে আহমদ ছয়ানী মাদ্রাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত সাইফুল ইসলাম ওই মাদ্রাসার সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।
ভুক্তভোগী শিশুর পরিবারের বরাতে স্থানীয়রা জানান, আজ সকালে শিশুটির মা তাকে মাদ্রাসায় যেতে বলেন। তবে সে যেতে অপারগতা প্রকাশ করে। পরে মা মাদ্রাসায় গেলে ২০ টাকা দেওয়ার প্রলোভন দেখান। তাতেও রাজি না হওয়ায় মা তাকে বারবার জিজ্ঞাসা করেন। একপর্যায়ে শিশুটি জানায়, মাদ্রাসার শিক্ষক সাইফুল হুজুর তাকে যৌন নিপীড়ন করেন। শিশুটি আরও জানায়, সর্বশেষ গত বুধবার ও বৃহস্পতিবারও সে নিপীড়নের শিকার হয়েছে।
পরে শিশুটির মা বিষয়টি স্থানীয় লোকজনকে জানালে তাঁরা সংঘবদ্ধ হয়ে ওই মাদ্রাসায় যান। সেখানে অভিযুক্ত শিক্ষক সাইফুলকে আটক করে মারধর করেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে।
স্থানীয়দের অভিযোগ, শিক্ষক সাইফুলের বিরুদ্ধে এর আগেও একাধিকবার শিশু নিপীড়নের অভিযোগ উঠেছে। তাঁরা ঘটনাটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।