নেত্রকোনার বারহাট্টায় গ্রেপ্তার বড় ভাইকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ ছোট ভাইয়ের বিরুদ্ধে। এই ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁদের কাছ থেকে ৭০ গ্রাম হেরোইন ও ৪টি ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জোবায়েল হোসেন (২২) ও তাঁর ছোট ভাই তোফায়েল হোসেন (২১)। তাঁরা উপজেলার নিচ চিরাম গ্রামের মো. ফজল করিমের ছেলে।
জোবায়েল হোসেন হত্যা মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ। আজ শুক্রবার (২৬ জুন) দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম এই তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জোবায়েল হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের কারবার করে আসছেন। তিনি একটি হত্যা মামলার আসামি। মাদকের একটি বড় চালান জোবায়েলের বাড়িতে মজুত করা হচ্ছে, এমন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে জোবায়েলের বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ৪টি ইয়াবা ও ৭০ গ্রাম হেরোইন পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে জোবায়েল দায় স্বীকার করলেও বড় চালানের বিষয়টি এড়িয়ে যান।
জোবায়েলকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় তাঁর ভাই তোফায়েল হোসেন ও স্বজনেরা জোবায়েলকে ছিনিয়ে নিতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও লাঠি নিয়ে বাধা দেয়। পরে সরকারি কাজে বাধা দেওয়ায় তোফায়েলকেও গ্রেপ্তার করা হয়। তবে অন্যরা পালিয়ে যায়।
এই ঘটনায় সরকারি কাজে বাধাদান ও আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে তোফায়েলসহ সাতজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ওসি চম্পক দাম বলেন, গ্রেপ্তার দুই ভাইকে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।