নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুতায়িত হয়ে মোয়াজ (৭) ও আরাফাত (৬) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু ওই গ্রামের মো. আব্দুস সাত্তারের ছেলে।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে খেলাধুলা করার সময় দুই ভাই বিদ্যুতায়িত হয়। পরে তাদের মা দুই সন্তানকে পড়ে থাকতে দেখে বাঁচাতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুতায়িত হয়ে ছিটকে পড়েন। পরে দ্রুত বাড়ির মেইন সুইচ বন্ধ করা হয়। দুই শিশুকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
দুই সন্তানকে হারিয়ে শোকাহত হয়ে পড়েছেন তাদের বাবা-মা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পল্লী বিদ্যুতের পাইকুড়া অভিযোগ কেন্দ্রের লাইন টেকনিশিয়ান শরিফুল ইসলাম বলেন, ‘ঘটনাটি খুবই মর্মান্তিক। শুনেছি, গ্রাউন্ডিং তারে বিদ্যুৎ প্রবাহিত হয়ে এ মৃত্যুর ঘটনা ঘটেছে। খবর পেয়ে এলাকায় লোক পাঠানো হয়েছে।’
উপজেলা পল্লী বিদ্যুতের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) শেখ ফরিদ বলেন, ত্রুটিপূর্ণ ওয়্যারিং বা অরক্ষিত মিটার থাকলে আর্থিং বা গ্রাউন্ডিং তারে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। এতে বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর ঘটনাও ঘটতে পারে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেননি।