নেত্রকোনার মদনে পারিবারিক কলহের জেরে ছেলের দায়ের কোপে মো. আলাই মিয়া (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছেলে মো. ইয়াছিন মিয়াকে (২০) আটক করেছে পুলিশ। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে মদন উপজেলার আশকিপাড়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আলাই মিয়া ওই গ্রামের মৃত কুন্ডু মিয়ার ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁর বাবা তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন ঘরে থাকা সবজি কাটার বঁটি দিয়ে তাঁর বাবাকে কুপিয়ে গুরুতর আহত করেন।
পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ইয়াছিনকে আটক করে পুলিশে খবর দেন। গুরুতর আহত আলাই মিয়াকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে মদন থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইয়াছিন মিয়াকে হেফাজতে নেয়। পরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
স্থানীয় কয়েকজন জানান, ইয়াছিন মিয়া মানসিক সমস্যায় ভুগছিলেন। কিছুদিন আগে তাঁকে মানসিক রোগের চিকিৎসকের কাছেও নেওয়া হয়েছিল।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন করিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইয়াছিন মিয়াকে আটক করে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে ইয়াছিন মিয়ার বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।