হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে ‘পেট্রল’ ঢেলে আগুন দিল দুর্বৃত্তরা

নেত্রকোনা প্রতিনিধি

দুর্বৃত্তদের আগুনে গ্রামীণ ব্যাংকের চুঁচুয়া শাখার একটি কক্ষে কাগজপত্র পুড়ে যায়। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার সদর উপজেলায় মৌগাতি ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের চুঁচুয়া শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ব্যাংকের বারান্দার একটি কক্ষে রাখা দুটি মোটরসাইকেল ও কিছু কাগজপত্র পুড়ে গেছে। দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে বলে ধারণা করছেন ব্যাংকটির শাখা ব্যবস্থাপক।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গ্রামীণ ব্যাংকের চুঁচুয়া শাখার ব্যবস্থাপক মঞ্জু আহমেদ।

মঞ্জু আহমেদ জানান, ব্যাংকের নিয়মিত নিরাপত্তাকর্মী আবদুর রহমান ছুটিতে ছিলেন। তাঁর পরিবর্তে দায়িত্বে থাকা আরেক ব্যক্তি রাতে আগুন দেখতে পান। পরে তিনি স্থানীয় লোকজনকে খবর দেন। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

শাখা ব্যবস্থাপক আরও জানান, দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে বলে তাঁদের ধারণা। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে আজ বুধবার বিকেলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যাংকটির সংশ্লিষ্ট শাখার ব্যবস্থাপক এ ঘটনায় লিখিত অভিযোগ দিতে থানায় এসেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।