হোম > সারা দেশ > নেত্রকোণা

নেত্রকোনায় মাদ্রাসাছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে ২ জন গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি

প্রতীকী ছবি

নেত্রকোনার কলমাকান্দায় এক মাদ্রাসাছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল রোববার দিবাগত রাত ২টার দিকে নেত্রকোনা সদর উপজেলার কুরপাড়া মীরবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার ময়মনসিংহ র‍্যাব-১৪-এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার এ এন এম সাইফুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মামলার প্রধান আসামি মো. রিফাত দেওয়ান (১৯) ও তাঁর সহযোগী মো. রিমন আহম্মেদ (২৪)।

মামলার এজাহার, র‍্যাব ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী কলমাকান্দার স্থানীয় একটি মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী। মাদ্রাসায় যাতায়াতের সময় রিফাত তাঁকে উত্ত্যক্ত করতেন। বিষয়টি ওই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে রিফাতের পরিবারকে জানানো হলে ক্ষিপ্ত হয়ে কিশোরীকে অপহরণের পরিকল্পনা করেন রিফাত।

মামলার বিবরণ অনুযায়ী, ৯ আগস্ট সকালে মাদ্রাসায় যাওয়ার পথে অভিযুক্ত ব্যক্তিরা জোর করে ওই কিশোরীকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যান। পরে একটি অজ্ঞাত স্থানে নিয়ে রিফাত তাঁকে ধর্ষণ করেন। একই সঙ্গে তাঁর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করা হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

পরে ওই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয়। পাশাপাশি রিফাতের সঙ্গে ওই কিশোরীকে বিয়ে দিতে চাপ দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ১৪ আগস্ট কলমাকান্দা থানায় নারী ও শিশু নির্যাতন দমন এবং সাইবার সুরক্ষা আইনে মামলা করেন।

র‍্যাব-১৪-এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার এ এন এম সাইফুজ্জামান জানান, মামলা হওয়ার পর অভিযুক্ত ব্যক্তিরা আত্মগোপনে চলে যান। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে কুরপাড়া মীরবাড়ী এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে আজ সকালে তাঁদের কলমাকান্দা থানায় হস্তান্তর করা হয়।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, র‍্যাবের কাছ থেকে গ্রেপ্তার আসামিদের গ্রহণের পর তাঁদের আদালতে পাঠানো হয়েছে।