হোম > সারা দেশ > নেত্রকোণা

আটপাড়ায় গাঁজা সেবনের দায়ে ২ জনের কারাদণ্ড

নেত্রকোনা প্রতিনিধি

দণ্ডপ্রাপ্ত মো. ফরেজ আলী ও মো. ইয়াছিন মিয়া। ছবি: সংগৃহীত

নেত্রকোনার আটপাড়ায় গাঁজা সেবনের দায়ে দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার ঘাগড়া গ্রামে গাঁজা সেবনের সময় তাঁদের হাতেনাতে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা শারমিন দৃষ্টি। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, উপজেলার ঘাগড়া গ্রামের মো. ফরেজ আলী (৭০) ও মো. ইয়াছিন মিয়া (২৮)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মাদক সেবনের খবরে ঘাগড়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় তাঁদের গাঁজাসেবন অবস্থায় আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ফরেজ আলীকে ছয় মাসের এবং ইয়াছিন মিয়াকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘বিকেলেই কারাদণ্ডপ্রাপ্ত দুজনকে নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।’