হোম > সারা দেশ > নেত্রকোণা

ফেসবুকে দুই মাসের পরিচয়েই নাম-ধর্ম বদলে মোহনগঞ্জের লিজাকে বিয়ে চীনা যুবকের

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জে শুক্রবার চীনা নাগরিক ওয়্যাং সুলিন ওরফে মো. নুর উদ্দিন ও নাজমিন আক্তার লিজার বিয়ে সম্পন্ন হয়েছে। ছবি: আজকের পত্রিকা

​ফেসবুকে পরিচয়ে প্রেম। একপর্যায়ে বিয়ে করতে বাংলাদেশে এলেন চীনা যুবক। ওয়্যাং সুলিন (৩০) নামের ওই যুবক ধর্মান্তরিত হয়ে বনে গেলেন মো. নুর উদ্দিন। অবশেষ নেত্রকোনার মোহনগঞ্জের তরুণী নাজমিন আক্তার লিজার (২০) সঙ্গে তাঁর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

আজ শুক্রবার দুপুরে তাঁদের বিবাহোত্তর অনুষ্ঠানে কনের পরিবার ও আত্মীয় স্বজনসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। এ দিন চীনা যুবককে দেখতে দূর-দূরান্ত থেকে লোকজনও এসে ভিড় করে।

​পারিবারিক সূত্রে জানা গেছে, নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকার বাসিন্দা ও স্থানীয় ফার্নিচার ব্যবসায়ী মো. নাজিম উদ্দিনের মেয়ে লিজা। তিনি মোহনগঞ্জ সরকারি কলেজে স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। নাজিম উদ্দিনের বাড়ি পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলা ভাটগাঁও গ্রামে। দীর্ঘদিন ধরে তিনি মোহনগঞ্জ পৌরশহরের দৌলতপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

অন্যদিকে চীনের লুবেই প্রদেশের লুরাং শহরের বাসিন্দা ওয়্যাং সুলিন পেশায় একজন রেস্তোরাঁ ব্যবসায়ী। তিনি এবং তাঁর ভাই মিলে চীনে রেস্তোরাঁর ব্যবসা পরিচালনা করেন।

জানা গেছে, ঘটনার শুরু মাস দুয়েক আগে। ফেসবুকে পরিচয়ের পর লিজা ও ওয়্যাং সুলিনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে দুজনই বিয়ের সিদ্ধান্ত নেন। বিষয়টি নিজ নিজ পরিবারকে জানালে উভয় পরিবার ইতিবাচক সাড়া দেয়। ১৮ জুলাই চীন থেকে বাংলাদেশে আসেন ওয়্যাং সুলিন। ঢাকা বিমানবন্দরে লিজার পরিবারের সদস্যরা তাঁকে অভ্যর্থনা জানিয়ে মোহনগঞ্জে নিয়ে যান।

​পরে ২১ জুলাই ওয়্যাং সুলিন ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং লিজার সঙ্গে আইনজীবীর মাধ্যমে অ্যাফিডেভিট করে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। আজ আনুষ্ঠানিকভাবে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান করে আনন্দ উৎসব করা হয়।

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয় গায়েহলুদের অনুষ্ঠান। বর্তমানে ভাড়া বাসার সামনে মঞ্চ তৈরি করে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​সম্প্রতি চীনে বিদেশি কনে নিয়ে প্রতারণার বেশ কিছু খবর প্রকাশ পাওয়ায় বাড়তি সতর্কতা অবলম্বন করেছে কনের পরিবার।

লিজার বাবা মো. নাজিম উদ্দিন বলেন, ​‘ছেলের বাবা-মা ও স্বজনদের সঙ্গে কথা বলার পর আমরা চীনা দূতাবাসে গিয়েও যাবতীয় খোঁজ-খবর নিয়েছি। সব তথ্য সঠিক পাওয়ার পর আত্মীয়-স্বজনের সঙ্গে পরামর্শ করে বিয়ের সিদ্ধান্ত নিই। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে জামাই চীনে গিয়ে ভিসা ও প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে লিজাকে নিয়ে যাবে।’

​এ দিকে বিদেশি জামাইয়ের আগমন ঘিরে মোহনগঞ্জের দৌলতপুরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। চীনা যুবককে এক নজর দেখতে এবং তাঁর সঙ্গে ছবি তুলে ফেসবুকে শেয়ার করতে কয়েক দিন ধরেই ভিড় করছেন স্থানীয়রাসহ পার্শ্ববর্তী গ্রামের মানুষ।

​স্থানীয় বাসিন্দা হাফিজুর রহমান বলেন, ‘পত্রিকায় আন্তর্জাতিক প্রতারক চক্রের খবর দেখে প্রথমে কিছুটা চিন্তিত ছিলাম। তবে যেহেতু মেয়ের বাবা চীনা দূতাবাস ও ছেলের পরিবারের সঙ্গে কথা বলে শতভাগ নিশ্চিত হয়ে বিয়ে দিয়েছেন, তাই সন্দেহের কোনো অবকাশ নেই। আমরা নবদম্পতির সুখী জীবনের জন্য দোয়া করি। আজকে এত মানুষের উপস্থিতিতে বিয়ের দাওয়াত খেতে এসেও ভালো লাগছে।’

স্থানীয় রফিকুল ইসলাম বলেন, ‘আমরা এলাকাবাসী হিসেবে বিয়ের দাওয়াত খেতে আসলাম। চীনা যুবকের সঙ্গে বিয়ে, তাই এটা সবার মাঝে বাড়তি আগ্রহের বিষয়।’

স্থানীয় বাসিন্দা ও পৌরসভার সাবেক নারী কাউন্সিলর হেলেনা আক্তার বলেন, ‘ছেলেটা চীনের হওয়ায় বিয়েটা দেখার জন্য আমাদের আগ্রহটা একটু বেশি। প্রতিবেশী হিসেবে বিয়ের দাওয়াত খেতে এসে বেশ আনন্দ লাগছে। তাদের জন্য দোয়া রইল।’

অন্তঃসত্ত্বা ১১ বছরের শিশু: মাদ্রাসাশিক্ষকের পর এবার নবজাতকের ডিএনএ সংগ্রহ

মোহনগঞ্জে পুকুরে ডুবে ১১ বছরের শিশুর মৃত্যু

বিয়ের আসরে হাজির প্রেমিকা, বিয়ে পণ্ড হওয়ায় লজ্জায় বরের বাবার আত্মহত্যা

নেত্রকোনায় ভারতীয় চোরাই ৪৫টি মোটরসাইকেলের টায়ার জব্দ, অটোরিকশাচালক গ্রেপ্তার

ফেসবুকে প্রেম, ধর্মান্তরিত হয়ে নেত্রকোনার তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

নেত্রকোনায় এনসিপি নেতাকে মারধরের ঘটনায় বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে থানায় অভিযোগ

নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা ৭ শিক্ষার্থী উদ্ধার

দুর্গাপুরে কমরেড মণি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী পালিত

মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চবিদ্যালয়: অর্থ আত্মসাতের পর এবার নতুন বিতর্কে প্রধান শিক্ষক

নেত্রকোনায় ৮ বছরের শিশুকে হাত-মুখ বেঁধে ধর্ষণচেষ্টা, যুবকের বিরুদ্ধে মামলা