হোম > সারা দেশ > নেত্রকোণা

ঘুষ নিয়ে দর-কষাকষির অডিও ভাইরাল, ওসি বদলি–এসআই প্রত্যাহার

নেত্রকোনা প্রতিনিধি

অভিযুক্ত এসআই আবু হানিফ। ছবি: সংগৃহীত

নেত্রকোনার কলমাকান্দায় চোরাই পথে আনা ভারতীয় প্রসাধনী জব্দ ও দুই যুবক আটকের ঘটনায় পুলিশের এক উপপরিদর্শকের সঙ্গে (এসআই) চোরাকারবারির কথোপকথনের দুটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় এসআই আবু হানিফকে প্রত্যাহারের পর গতকাল বৃহস্পতিবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিক হোসেনকে বদলি করা হয়েছে।

জেলা পুলিশ সুপার (এসপি) মো. তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, অডিও আমার নজরে আসার সঙ্গে সঙ্গে অভিযুক্ত এসআই আবু হানিফকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনার তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকারকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

এসপি তারিকুল ইসলাম বলেন, আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

তবে ওসিকে বদলির বিষয়ে পুলিশ সুপার বলেন, ওসি সিদ্দিক হোসেনকে নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে বদলি করা হয়েছে। এর সঙ্গে অন্য কিছুর সম্পর্ক নেই।

গত বুধবার রাত ১০টার পর চোরাকারবারির সঙ্গে এসআই আবু হানিফের কথোপকথনের দুটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। রাতেই অভিযুক্ত এসআই মো. আবু হানিফকে থানা থেকে প্রত্যাহার করা হয়।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত গভীর রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রাঙ্গামাটিয়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশ একটি পিকআপ থেকে ১৮ বস্তা বডি স্প্রে, শ্যাম্পু, অলিভ অয়েলসহ বিপুল ভারতীয় প্রসাধনী জব্দ করে। এ সময় পিকআপের চালক নাজিরপুরের শিংপুর এলাকার মো. নাছিম (২৩) ও তাঁর সহকারী সেইচাহানি গ্রামের মনির হোসেনকে (২১) আটক করা হয়। পরে ওই দুই যুবক ও মূল হোতা উপজেলার রাজনগর গ্রামের জসিম উদ্দিনসহ (৩৫) পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করা হয়।

ছড়িয়ে পড়া ৫ মিনিট ২৩ সেকেন্ডের প্রথম অডিওতে জসিমকে বলতে শোনা যায়, ‘স্যার, আপনাকে ৮০ হাজার টাকা দেব। আপনি আমাকে মামলা দিবেন না। শুধু দুই বস্তা মাল আটক দেখাবেন।’ জবাবে আবু হানিফকে বলতে শোনা যায়, ‘না ভাই, যা বলছি, তার কম হবে না। আপনি ৩ লাখ টাকা দেন।’ এরপর ওই ব্যক্তি বলেন, ‘এক লাখ টাকা দিব। ওসি স্যার কিন্তু বিপক্ষে যাবেন না। ওসি স্যার বলছেন—যেহেতু আমাকে জানিয়ে আপনারা করেছেন, দারোগার সাথে কথা বলেন।’ তখন এসআই আবু হানিফ বলেন, ‘একটা জায়গার কথা বলব, সেখানে আপনি তিন লাখ নিয়ে আসেন। এটা আপনার জন্যই ভালো হবে। এরপর আমরা তো আছিই...।’

৩ মিনিট ১২ সেকেন্ডের অপর অডিওটিতে ওই পুলিশ কর্মকর্তাকে বলতে শোনা যায়, ‘আপনি যা করবেন, তাড়াতাড়ি করেন। আমি এখন ভবানীপুর ব্রিজ পার হচ্ছি...যান, আপনার জন্য আমি ছাড় দিলাম, আড়াই নিয়ে আসেন।’ তখন জসিম বলেন, ‘ভাই, আপনি তো ছাড় দিছেন, আরেকটু দেন। আমি কষ্ট করে হলেও আপনাকে দুই লাখ টাকা দিচ্ছি। আমারে একটু সময় দেন...।’ একপর্যায়ে আবু হানিফ বলেন, ‘দেইখেন হোয়াটসঅ্যাপে কথা অন্য ফোনে রেকর্ড করা যায়, এটা করবেন না...।’

এ ব্যাপারে জানতে যোগাযোগের চেষ্টা করা হলে অভিযুক্ত এসআই আবু হানিফ ও চোরাকারবারি জসিম উদ্দিনের ফোন নম্বর বন্ধ পাওয়া যায়।

খাল দখল করে প্রভাবশালীর ফিশারি, তলিয়ে গেল ২০ একর জমির ধান

নেত্রকোনায় ঘুষের দর-কষাকষির অডিও ভাইরাল: এসআই প্রত্যাহার, ওসি বদলি

নেত্রকোনায় ঘুষ নিয়ে এসআই ও চোরাকারবারির দর-কষাকষির অডিও ভাইরাল

ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশু, সেই মাদ্রাসাশিক্ষক ৩ দিনের রিমান্ডে

নিজ পছন্দে ঘর ছেড়ে বিয়ে করলেন মেয়ে, অপহরণ মামলা মা-বাবার

নেত্রকোনায় যৌতুক ও নির্যাতনের মামলায় ব্যাংক কর্মকর্তা কারাগারে

বন্য হাতির আক্রমণে প্রাণ গেল যুবকের

অন্তঃসত্ত্বা ১১ বছরের শিশু: অভিযুক্ত সেই শিক্ষক গ্রেপ্তার

হাওরের বর্গাচাষির দুর্দশা: জমি নেই, মিলছে না কৃষিঋণও

অন্তঃসত্ত্বা ১১ বছরের শিশু: পলাতক মাদ্রাসাশিক্ষকের ভিডিও ভাইরাল, খুঁজে পাচ্ছে না পুলিশ